সরকারি আইন ও নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে খালের ওপর মাটির পাহাড় গড়ে তুলেছে লক্ষ্মীপুরের কমলনগরের এজিবি ইটভাটা। উপজেলার চর কাদিরা ইউনিয়নের প্রায় ৬০ বছরের পুরোনো বাদুরিয়ার খালটি এভাবে ভরাট করায় আসন্ন বর্ষায় হাজার হাজার মানুষ পানিবন্দি হওয়ার আশঙ্কায় রয়েছে।
শুধু ইটভাটার মাটিই নয়, স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধেও খালটি ভরাট করে বাড়ি, দোকানপাট এবং কালভার্ট নির্মাণ করার অভিযোগ উঠেছে। ঐতিহাসিক এই খালটি রক্ষায় এখন ফুঁসে উঠেছে এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা আবুল কাশেম বলেন, ‘আমরা এই খালের দ্রুত উদ্ধার চাই।’
জানা গেছে, গত বছর কমলনগর সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে গিয়ে সরকারি খাল ভরাটের দায়ে এজিবি ইটভাটাকে ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং দ্রুত মাটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। কিন্তু প্রশাসনের সেই নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইটভাটা কর্তৃপক্ষ এখনও মাটি সরিয়ে নেয়নি।
এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান জানান, খালটি দখলমুক্ত করার জন্য খুব দ্রুত প্রয়োজনীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
/মহু