বিশ্বকাপ মহাযজ্ঞ নয় সেতুবন্ধও

মামুন হোসেন

খেলা

বিশ্বকাপ ফুটবল আসরকে বলা হয় ‘গ্রেটেস্ট শো অন আর্থ।’ ফুটবলের মহাযজ্ঞ। মহাবিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব এটি। যেখানে ফিফা স্বীকৃত

2026-06-11T01:31:26+00:00
2026-06-11T01:31:26+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
খেলা
বিশ্বকাপ মহাযজ্ঞ নয় সেতুবন্ধও
মামুন হোসেন
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১:৩১ এএম 
বিশ্বকাপ ঘিরে মেক্সিকান সমর্থকদের উল্লাস। ছবি : সংগৃহীত
বিশ্বকাপ ফুটবল আসরকে বলা হয় ‘গ্রেটেস্ট শো অন আর্থ।’ ফুটবলের মহাযজ্ঞ। মহাবিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব এটি। যেখানে ফিফা স্বীকৃত ২১১টি দেশই (বাছাইপর্ব খেলার মাধ্যমে) অংশ নেয়। বিশ্বের আর কোনো ক্রীড়া ইভেন্টে এত দলের সম্পৃক্ততা নেই। এমনকি অলিম্পিকেও নয়। যদিও ২১১ দেশের সবার ভাগ্যে জোটে না বিশ্বকাপের মূলপর্বে খেলার। তারপরও এতগুলো দেশকে এক ছাতাতলে আনা; ছয় মহাদেশের ফুটবল উন্মাদনাকে এক বিশ্বে পরিচিত করার চমৎকার প্রয়াস ফুটবল বিশ্বকাপ। এটিকে শুধু মহাযজ্ঞনামক বিশেষণে বিশ্লেষণের সুযোগ নেই, বিশ্বকাপ বিভিন্ন জাতিসত্তার এক বিরাট মেলবন্ধনও।

৯৬ বছরের বুড়ো এক আসর বিশ্বকাপ ফুটবল। সেই ১৯৩০ সালে এর সূচনা। প্রতি চার বছর অন্তর এটি আয়োজিত হয়। আসরটি দেখতে চাতকের মতো অপেক্ষায় থাকেন বিশ্বের কোটি ফুটবলপ্রেমী ভক্ত-সমর্থক। আসর শুরুর মধ্য দিয়ে তাদের কাক্সিক্ষত প্রতীক্ষার স্বস্তির অবসান হয়; প্রিয় দল চ্যাম্পিয়ন হলে পায় চূড়ান্ত পরিণতি। বিশ্বের কোটি ফুটবলভক্তের প্রিয় ইভেন্ট বিশ্বকাপ আজ থেকে শুরু হচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো- তিন দেশের উদ্যোগে এবারের আসর মাঠে গড়াবে।

Advertisement
নতুন আঙ্গিকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬। যেখানে ৩২ দলের ঐতিহ্য ভেঙে, দল বেড়ে দাঁড়িয়েছে ৪৮। আয়োজক দেশের সংখ্যাও এবার বেশি। তিনটি। ম্যাচ সংখ্যা, ভেন্যু, খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল- স্বাভাবিকভাবেই অন্য আসরের চেয়ে সংখ্যায় যোজন যোজন বেশি। উত্তর আমেরিকার তিন দেশের ১৬টি অত্যাধুনিক শহরে বসবে বিশ্বকাপ মেলা। যেখানে পা পড়বে বিশ্বের তাবৎ সব তারকারাজির। মেসি, রোনালদো, নেইমার, ন্যুয়ার, ওচোয়া, এমবাপে, হালান্ডসহ আর অনেক তারকা। ইতিমধ্যে ম্যাচ ভেন্যুতে তারকাদের পাও পড়েছে। ম্যাচ ভেন্যুর আশপাশে গড়ে তুলেছে প্রস্তুতি ক্যাম্প।

৭২৭ মিলিয়ন ডলারের এ মহাযজ্ঞে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানিও অনেক। ৫০ মিলিয়ন ডলার। এর মধ্যে রানার্স আপ, তৃতীয়স্থানসহ অংশ নেওয়া ৪৮ দলের প্রত্যেকের জন্য থাকছে আকর্ষণীয় অর্থ পুরস্কার। আকাশচুম্বী দামে টিকেট কিনে ২০২৬ আসর প্রত্যক্ষ করার অপেক্ষায় বিশ্বের বিভিন্ন প্রান্তের কোটি ফুটবলপ্রেমী। আজ মধ্যরাতে (বাংলাদেশ সময় রাত ১টায়) স্বাগতিক মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে আসরের পর্দা উঠবে। এর কয়েক ঘণ্টা পরই দক্ষিণ কোরিয়া লড়বে ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের বিপক্ষে। যা বাংলাদেশ সময় ১২ জুন সকাল ৮টায় টিভির পর্দায় অংশগ্রহণকারী বাংলাদেশের সমর্থকরা দেখতে পাবেন।

২০২৬ বিশ্বকাপে দল বাড়লেও আগের মতো ১৬টি দেশই এবারও ইউরোপ থেকে অংশ নিচ্ছে। তবে রেকর্ড গড়েছে আফ্রিকা। আগে যেখানে ৬/৮ দল অংশ নিত, এবার সেখানে রেকর্ড ১০টি দেশ অংশ নিচ্ছে। এ ছাড়া এশিয়া থেকে ৯টি (ওশেনিয়া মহাদেশের অস্ট্রেলিয়াসহ), দক্ষিণ আমেরিকা ও উত্তর-মধ্য ও ক্যারিবীয় অঞ্চল থেকে সমান ৬টি করে দেশ এবং ওশেনিয়া মহাদেশের একমাত্র প্রতিনিধি নিউজিল্যান্ড থাকছে এবারের আসরে। প্রথমবারের মতো ৪টি দেশ এই আসরে খেলবে। জর্দান, কেপ ভার্দে, উজবেকিস্তান এবং কুরাসাও।
 
বিশ্বকাপ ফুটবল শুধু মাঠের লড়াইয়ে দলগুলোর রক্তক্ষয়ী সংগ্রামের গল্প নয়, এখানে রয়েছে ভ্রাতৃত্ববোধের চমৎকার এক মেলবন্ধন। বিভিন্ন জাতিসত্তার উল্লেখযোগ্য উপস্থিতি। ইরানের মতো যুদ্ধবিগ্রহে জড়ানো দেশটিও শত্রুর দেশে খেলতে নামার অপেক্ষায়। বিশ্বকাপে দেখা মেলে একের অঞ্চলের কৃষ্টি, একেক মহাদেশের একের রকম ঐতিহ্য, সংস্কৃতি, আবেগ এবং অনুভূতির বহিঃপ্রকাশ। ফুটবল বিশ্বকাপে ইউরোপের পাওয়ার ফুটবলের স্বাদ যেমন নেন ভক্তরা, তেমনি লাতিন অঞ্চলের শৈল্পিকতাকে অবলোকনের সুযোগ মেলে। এখানে এশিয়ার সুশৃঙ্খল ফুটবলের স্বাদ আস্বাদনের পাশাপাশি উত্তর আমেরিকার প্রাগমেটিক ফুটবলকে দেখার সুযোগ পায় দর্শকরা। সেই সঙ্গে আফ্রিকার এক্সপ্রেসড ফুটবলও কিন্তু বাদ যায় না। সংখ্যায় কম হলেও এবার ওশেনিয়ার মহাদেশের একমাত্র প্রতিনিধি নিউজিল্যান্ডের ডিরেক্ট ফুটবল (লম্বা পাসের) দেখার অন্যান্য সুযোগও থাকছে ফুটবলপ্রেমীদের।

বিশ্বকাপের এই আসরেও ফেবারিট বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফুটবল বিশ্বের মহাতারকা আর্জেন্টাইন রাজপুত্র লিওনেল মেসির এটি শেষ বিশ্বকাপ। রেকর্ড ষষ্ঠবারের মতো মাঠে নামার অপেক্ষায় ফুটবল জাদুকর। তার সঙ্গে রেকর্ডে ভাগ বসিয়েছেন মুকুটহীন সম্রাট পর্তুগালের রোনালদো। তিনিও শেষবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছেন। থাকছে আসরের অন্যতম ফেবারিট, অনেকে যাদের সম্ভাব্য চ্যাম্পিয়ন ভাবছে সেই ফ্রান্সও। গেল দুই আসরের ফাইনালিস্ট এমবাপের দল, এবারের আসরেও সেরাদের সেরা হয়ে মাঠে নামবে। জার্মানি, ইংল্যান্ড, স্পেনের মতো সাবেক চ্যাম্পিয়নরাও আছে লড়াইয়ে। তবে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন সাম্বার দেশ ব্রাজিলকে ভুলে গেলে চলবে না। 

নেইমার, ভিনিসিয়ুসরা হয়তো কাগজে-কলমে সেরা নয়, তবে মাঠের লড়াইয়ে বরাবরই সমীহ জাগানিয়া এক দল ব্রাজিল।বিশ্বকাপে বরাবরের মতো নেই বাংলাদেশ। তবে ফুটবলপ্রিয় জাতি হিসেবে এদেশের সুনাম-সুখ্যাতি কারোর অজানা নয়। মাঠের লড়াইয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের আনুষ্ঠানিতা শুরু হচ্ছে আজ থেকে, কিন্তু বাংলাদেশের বিশ্বকাপ শুরু হয়ে গেছে মাসখানেক আগেই। পতাকা, জার্সি কেনার মধ্য দিয়ে। আগামী ৩৯ দিন বিশ্বকাপে বুঁদ থাকবে পুরো বিশ্ব। কোটি ভক্তের নানান উন্মাদনা, উত্তেজনা, আবেগ-ভালোবাসার চিত্র ফুটে উঠবে ম্যাচের পরতে পরতে।

সময়ের আলো/আআ

  বিষয়:   বিশ্বকাপ  মহাযজ্ঞ  সেতুবন্ধ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: