সংগৃহীত ছবিজাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের শেষ দিনে মিলেছে চারটি ম্যাচের ফল। রাজশাহীর বিপক্ষে ২৩৪ রানের বড় জয় পেয়েছে সিলেট। বরিশালকে ১০ উইকেটে হারিয়েছে ময়মনসিংহ। অন্যদিকে খুলনা-ঢাকা এবং রংপুর-চট্টগ্রামের ম্যাচ দুটি শেষ হয়েছে ড্রয়ে। এই রাউন্ডে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন খুলনার অধিনায়ক মোহাম্মদ মিথুন ও রংপুরের মিম মোসাদ্দেক।
রাজশাহী ডিভিশনাল স্টেডিয়ামে খুলনার বিপক্ষে প্রথম ইনিংসে ৫১৩ রান করে ঢাকা। জবাবে প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৪৩৮ রানে তৃতীয় দিনের খেলা শেষ করে খুলনা। গতকাল শেষ দিন (চতুর্থ দিন) বাকি তিন উইকেট হারিয়ে ৫১৩ রানে অলআউট হয় দলটি। ফলে প্রথম ইনিংসের দুই দলের সংগ্রহ দাঁড়ায় সমান।
ঢাকার হয়ে মাহফুজুর রাব্বি নিয়েছেন চার উইকেট। পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৭৩ রান তোলে ঢাকা। ম্যাচের এমতাবস্থায় দুদলই ড্র মেনে নেয়। এর আগে খুলনার হয়ে মিথুন ১৮২ রান এবং ওপেনার আজিজুল হাকিম তামিম ৮২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে সিলেট। প্রথম ইনিংসে সিলেটের ৩৩৬ রানের জবাবে ১৯২ রানে থামে রাজশাহী। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৩১৮ রান তুলে ইনিংস ঘোষণা করে সিলেট।
জয়ের জন্য বড় লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিনেই ৬৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছিল রাজশাহী। গতকাল শেষ দিনে বাকি ছয় উইকেট তুলে নিতে খুব বেশি সময় নেয়নি সিলেটের বোলাররা। রাজশাহী অলআউট হয় ২২৮ রানে। তাতে ২৩৪ রানের বড় জয় নিশ্চিত হয় সিলেটের। দলের হয়ে আসাদুজ্জামান ও নিহাদুজ্জামান তিনটি করে উইকেট নিয়েছেন।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বরিশালকে ১০ উইকেটে হারিয়েছে ময়মনসিংহ। প্রথম ইনিংসে ব্যাট করে ৩৮৬ রানের সংগ্রহ গড়ে ময়মনসিংহ। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৫৬ রানে গুটিয়ে যায় বরিশাল।
ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বরিশাল। সোমবার তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ১৪৪ রান করা দলটি, গতকাল শেষ দিনে অলআউট হয় ২৫৬ রানে। তাতে জয়ের জন্য ময়মনসিংহের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ২৭ রানের।
কোনো উইকেট না হারিয়েই সেই রান তুলে নেয় দলটি। বরিশালের বিপক্ষে দুই ইনিংসেই বল হাতে দাপট দেখিয়েছেন বাঁ-হাতি পেসার আবু হায়দার রনি। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও শিকার করেন আরও চারটি।
খুলনা ডিভিশনাল স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন রংপুরের মিম মোসাদ্দেক। ১৪৫ রানের ইনিংস খেলেন তিনি। মিমের ইনিংসে ভর করে শেষ পর্যন্ত ম্যাচ ড্র করে রংপুর। যদিও প্রথম ইনিংসে ব্যাটিংয়ে আলো ছড়াতে পারেনি রংপুরের ব্যাটাররা। প্রথম ইনিংসে মাত্র ১৬৬ রানে অলআউট হয়। জবাবে চট্টগ্রাম প্রথম ইনিংসে করে ৪০৭ রান। ২৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে রংপুর।
গতকাল শেষ দিনে ৯ উইকেট হারিয়ে ৩১০ রান করে দলটি। এই ইনিংসের মধ্য দিয়ে ম্যাচও বাঁচায় তারা। চট্টগ্রামের হয়ে ইরফান হোসেন ও হাসান মুরাদ তিনটি করে উইকেট নিয়েছেন।
ষষ্ঠ রাউন্ডের শেষ দিনে সিলেট ও ময়মনসিংহের জয় যেমন নিশ্চিত হয়েছে, তেমনি খুলনা-ঢাকার ম্যাচে প্রথম ইনিংসের সমতা শেষে এসেছে ড্র। আর রংপুরের হয়ে মিম মোসাদ্দেকের বড় ইনিংসও ছিল দিনের উল্লেখযোগ্য পারফরম্যান্স।
সময়ের আলো/কেএইচও