২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বাড়তে পারে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা। বর্তমানে করমুক্ত আয়সীমা নির্ধারণ করা আছে ৩ লাখ ৫০ হাজার টাকা। এটি বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করা হতে পারে। শুধু ২০২৬-২৭ অর্থবছরেই নয়, আগামী পাঁচ বছরের জন্য ক্রমান্বয়ে করমুক্ত আয়সীমা বৃদ্ধির প্রস্তাব করতে পারেন অর্থমন্ত্রী।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্র বলেছে, ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৭-২৮ অর্থবছরেও করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করতে পারেন অর্থমন্ত্রী। এ ছাড়া ২০২৮-২৯ এবং ২০২৯-৩০ অর্থবছরে করমুক্ত আয়সীমা ৪ লাখ এবং ২০৩০-৩১ অর্থবছরে সাড়ে ৪ লাখ টাকা করার প্রস্তাব আসতে পারে।
বিশেষ শ্রেণির করদাতাদের ক্ষেত্রেও করমুক্ত আয়সীমা বাড়তে পারে। সে ক্ষেত্রে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে নারী করদাতা এবং ৬৫ বছর ও তদূর্ধ্ব বয়সের নাগরিকদের জন্য করমুক্ত আয়সীমা ৪ লাখ ২৫ হাজার টাকা, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ অর্থবছরে ৪ লাখ ৫০ হাজার টাকা এবং ২০৩০-৩১ অর্থবছরে বিশেষ এই শ্রেণির নাগরিকদের করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব আসতে পারে।
এ ছাড়া, তৃতীয় লিঙ্গের ও প্রতিবন্ধী করদাতাদের জন্য ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ অর্থবছরে ৫ লাখ ২৫ হাজার টাকা এবং ২০৩০-৩১ অর্থবছরে ৫ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব করতে পারেন অর্থমন্ত্রী।
অর্থ বিভাগ সূত্র আরও বলেছে, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও গেজেটভুক্ত ‘জুলাই যোদ্ধা’ করদাতাদের জন্য ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে করমুক্ত আয়সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ অর্থবছরে ৫ লাখ ৫০ হাজার টাকা এবং ২০৩০-৩১ অর্থবছরে ৬ লাখ টাকা করার প্রস্তাব আসতে পারে।
/মহু