ইলেকট্রিক গাড়িতে শুল্ক ছাড়, হাইব্রিডেরও দাম কমছে

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী পরিবহনের জন্য ব্যবহৃত ইলেকট্রিক বাসের ওপর থেকে সম্পূর্ণ এবং অন্যান্য ইলেকট্রিক বাস ও ট্রাকের ক্ষেত্রে ভ্যাট ব্যতীত

2026-06-11T17:02:00+00:00
2026-06-11T17:02:00+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
অর্থনীতি
ইলেকট্রিক গাড়িতে শুল্ক ছাড়, হাইব্রিডেরও দাম কমছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৫:০২ পিএম   (ভিজিট : ১৩)
ছবি : গ্রাফিক্স সময়ের আলো
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী পরিবহনের জন্য ব্যবহৃত ইলেকট্রিক বাসের ওপর থেকে সম্পূর্ণ এবং অন্যান্য ইলেকট্রিক বাস ও ট্রাকের ক্ষেত্রে ভ্যাট ব্যতীত সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, পরিবেশ দূষণ রোধ এবং জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড ইতোমধ্যে প্রজ্ঞাপন জারির মাধ্যমে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় অথবা অনুরূপ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনের জন্য ব্যবহৃত ইলেকট্রিক বাস আমদানিতে বিদ্যমান সব ধরনের শুল্ক-কর এবং অন্যান্য ইলেকট্রিক বাস ও ট্রাকের ক্ষেত্রে ভ্যাট ব্যতীত সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দিয়েছে। এই সুবিধা ৩০ জুন, ২০৩০ পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব করছি।

তিনি বলেন, পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি (ইভি) আমদানির ক্ষেত্রে বিদ্যমান মোট করভার ৯৩ শতাংশ থেকে কমিয়ে ২৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত মূল্যের ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে ৬৪ শতাংশ এবং ৫০ হাজার মার্কিন ডলার পর্যন্ত মূল্যের গাড়ির ক্ষেত্রে ৮০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি।

একইভাবে, নতুন প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিক্যাল (পিএইচইভি)-এর ক্ষেত্রে ২ হাজার সিসি পর্যন্ত ইঞ্জিনক্ষমতাসম্পন্ন গাড়ি আমদানিতে সম্পূরক শুল্ক গাড়ির ধরনভেদে হ্রাস করার এবং ১ হাজার ৮০০ সিসি পর্যন্ত নতুন গাড়ি আমদানিতে রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করছি।

অর্থমন্ত্রী আরও বলেন, ১ হাজার ৮০০ সিসি পর্যন্ত ব্র্যান্ড নিউ প্লাগ-ইন হাইব্রিড গাড়ি আমদানিতে মোট করভার ৯৩ দশমিক ১৬ শতাংশ থেকে কমে ৭৩ দশমিক ৪৩৭ শতাংশ হবে। আর ২ হাজার সিসি পর্যন্ত ব্র্যান্ড নিউ প্লাগ-ইন হাইব্রিড গাড়ি আমদানিতে মোট করভার ১৩২ দশমিক ৩৬ শতাংশ থেকে কমে ৯৬ দশমিক ১০ শতাংশে নেমে আসবে।

ইলেকট্রিক গাড়ির নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সবচেয়ে জরুরি হলো দেশব্যাপী বিস্তৃত চার্জিং নেটওয়ার্ক গড়ে তোলা। এ লক্ষ্যে পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ির চার্জার ও চার্জিং স্টেশন আমদানির ক্ষেত্রে আমদানি পর্যায়ে মোট করভার ৩৯ দশমিক ৭৫ শতাংশ থেকে কমিয়ে শূন্য শতাংশ করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

জীবাশ্ম জ্বালানিচালিত (ফসিল ফুয়েল) গাড়ি আমদানি নিরুৎসাহিত করতে শুল্ক-কর বৃদ্ধির কথাও উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ডিজেল, অকটেন বা পেট্রোলচালিত গাড়ির ব্যবহার কমিয়ে আনতে এবং পরিবেশবান্ধব ইলেকট্রিক যান ব্যবহারে জনগণকে উৎসাহিত করতে মধ্যম সারির ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ সিসি ক্ষমতার ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনবিশিষ্ট আমদানিকৃত গাড়ির ওপর বিদ্যমান সামগ্রিক করভার ১৩২ দশমিক ৩৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫৫ দশমিক ৮৮ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি।

অন্যান্য গাড়ি আমদানির ক্ষেত্রে বিদ্যমান করভার অপরিবর্তিত রাখার প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: