ন্যায়ভিত্তিক অর্থনীতির নির্দেশনা

সৈয়দ আবুল হাসনাত জিসান

ইসলাম

মানবসভ্যতার ইতিহাসে ব্যবসা-বাণিজ্য শুধু অর্থ উপার্জনের মাধ্যম নয়; বরং সমাজ গঠন, মানুষের প্রয়োজন পূরণ এবং পারস্পরিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।

2026-06-12T14:25:18+00:00
2026-06-12T14:25:18+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
ইসলাম
ন্যায়ভিত্তিক অর্থনীতির নির্দেশনা
সৈয়দ আবুল হাসনাত জিসান
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ২:২৫ পিএম   (ভিজিট : ৬)
ছবি : সংগৃহীত
মানবসভ্যতার ইতিহাসে ব্যবসা-বাণিজ্য শুধু অর্থ উপার্জনের মাধ্যম নয়; বরং সমাজ গঠন, মানুষের প্রয়োজন পূরণ এবং পারস্পরিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। একটি সমাজের অর্থনৈতিক অবস্থা অনেকাংশে নির্ভর করে তার ব্যবসায়িক নৈতিকতার ওপর। যেখানে সততা, বিশ্বস্ততা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়, সেখানে অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি সামাজিক স্থিতিও নিশ্চিত হয়। 

আর যখন প্রতারণা, মিথ্যা ও অসততা ব্যবসার অংশ হয়ে দাঁড়ায়, তখন বাজারব্যবস্থা যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি মানুষের পারস্পরিক আস্থাও ভেঙে পড়ে। পবিত্র কুরআন ব্যবসা-বাণিজ্যকে বৈধ ও মর্যাদাপূর্ণ পেশা হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে সেই ব্যবসা হতে হবে ন্যায় ও সততার ভিত্তিতে পরিচালিত। আল্লাহ তায়ালা বলেন, ‘আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন’ (সুরা বাকারা, আয়াত : ২৭৫)। এই আয়াত স্পষ্টভাবে প্রমাণ করে যে ইসলাম অর্থনৈতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করে, তবে তা নৈতিক সীমারেখার মধ্যে।

পবিত্র আল কুরআনে ব্যবসায়িক সততার প্রসঙ্গে সবচেয়ে জোরালো নির্দেশ এসেছে মাপজোখ ও ওজনের ক্ষেত্রে। আল্লাহ তায়ালা বলেন, ‘ধ্বংস যারা পরিমাপে কম দেয় তাদের জন্য। যারা মানুষের কাছ থেকে মেপে নেওয়ার সময় পূর্ণমাত্রায় নেয়, আর যখন তাদের জন্য মেপে বা ওজন করে দেয়, তখন কম দেয়’ (সুরা মুতাফফিফিন, আয়াত : ১-৩)। এই আয়াতগুলো শুধু ওজনের দাঁড়িপাল্লার বিষয় নয়; বরং জীবনের প্রতিটি মুহূর্তে ন্যায়পরায়ণতার শিক্ষা দেয়। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন, ব্যবসায় পণ্যের গুণগত মান বজায় রাখা কিংবা আর্থিক চুক্তি সব ক্ষেত্রেই এই নির্দেশনা প্রযোজ্য। 

একইভাবে আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা ন্যায়সংগতভাবে মাপ পূর্ণ করো এবং ওজনকৃত বস্তু কম দিয়ো না’ (সুরা আর রহমান, আয়াত : ৯)। এ আয়াত অর্থনৈতিক জীবনে ভারসাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানায়। ব্যবসায়িক জগতে সবচেয়ে বড় সংকটগুলোর একটি হলো প্রতারণা। 

অনেক সময় পণ্যের ত্রুটি গোপন করা, অতিরঞ্জিত প্রচার চালানো কিংবা মিথ্যা তথ্য দিয়ে ক্রেতাকে বিভ্রান্ত করা হয়। কিন্তু কুরআন এসব কর্মকাণ্ডকে কঠোরভাবে নিরুৎসাহিত করেছে। আল্লাহ তায়ালা বলেন, ‘হে মুমিনগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না’ (সুরা নিসা, আয়াত : ২৯)। এই আয়াতের মধ্যে ব্যবসায়িক প্রতারণা, জালিয়াতি, ঘুষ, অবৈধ লেনদেন এবং অন্যের অধিকার হরণের সব রূপ অন্তর্ভুক্ত রয়েছে। ইসলামের দৃষ্টিতে কোনো মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করা গুরুতর অপরাধ।

ব্যবসার মূল ভিত্তি হলো বিশ্বাস। একজন ক্রেতা যখন কোনো পণ্য কিনেন, তখন তিনি বিক্রেতার সততার ওপর আস্থা রাখেন। কুরআন এই আস্থাকে রক্ষা করার নির্দেশ দিয়েছে। আল্লাহ তায়ালা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন যে, তোমরা আমানতগুলো যথাযথভাবে তাদের হকদারদের কাছে পৌঁছে দেবে’ (সুরা নিসা, আয়াত : ৫৮)। ব্যবসার ক্ষেত্রে আমানতদারিতা বলতে শুধু অর্থ বা সম্পদ সংরক্ষণ নয়; বরং পণ্যের গুণগত মান, চুক্তির শর্ত এবং গ্রাহকের অধিকারের প্রতি বিশ্বস্ত থাকাও বোঝায়। 

ব্যবসা-বাণিজ্যে চুক্তিপত্রের গুরুত্ব অপরিসীম। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা ঋণ ও লেনদেন লিখে রাখার নির্দেশ দিয়েছে। আল্লাহ তায়ালা বলেন, ‘হে মুমিনগণ! যখন তোমরা নির্দিষ্ট সময়ের জন্য ঋণের লেনদেন করবে, তখন তা লিখে রাখবে’ (সুরা বাকারা, আয়াত : ২৮২)। এই আয়াতের মাধ্যমে আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ভবিষ্যৎ বিরোধ এড়ানোর শিক্ষা দেওয়া হয়েছে। 

কুরআনের ব্যবসায়িক নৈতিকতা কেবল ধর্মীয় নির্দেশনা নয়, এটি একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক দর্শন। সততা, আমানতদারিতা, ন্যায়বিচার, স্বচ্ছতা এবং জবাবদিহিতা এই মূল্যবোধগুলো অনুসরণ করা গেলে ব্যক্তি ও সমাজ উভয়ই উপকৃত হয়।  আজ যখন বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিয়ম, প্রতারণা ও দুর্নীতি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তখন কুরআনের ব্যবসায়িক সততার শিক্ষা আরও বেশি প্রাসঙ্গিক। সত্যিকার অর্থে ব্যবসার সফলতা শুধু মুনাফার অঙ্কে নয়; বরং মানুষের আস্থা অর্জন, নৈতিকতা রক্ষা এবং আল্লাহর সন্তুষ্টি লাভের মধ্যেই নিহিত। কুরআনের শিক্ষা আমাদের সেই পথই দেখায়।

সময়ের আলো/আআ


  বিষয়:   ন্যায়ভিত্তিক  অর্থনীতি  নির্দেশনা  ইসলাম 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: