চাঁদপুরের কচুয়া উপজেলায় বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, গবেষণার আগ্রহ এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশে আয়োজিত এ প্রদর্শনী ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট (ইইএসএস)-এসইডিপি-এর উদ্যোগে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে নিতে হলে তাদের উদ্ভাবনী ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে হবে। বর্তমান শিক্ষা ব্যবস্থা এখন ইনোভেশন, স্টার্টআপ এবং প্রকল্পভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে। জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করাই আমাদের লক্ষ্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। মেলায় কার্বনভিত্তিক পরিবেশবান্ধব প্রযুক্তি, পাইজোইলেকট্রিক প্রযুক্তির ব্যবহার, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম, প্লাস্টিক থেকে জ্বালানি উৎপাদন এবং বায়োগ্যাস প্ল্যান্টসহ নানা আধুনিক ও বাস্তবমুখী প্রকল্প দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
প্রতিটি স্টলে শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামূলক চিন্তা এবং বাস্তব সমস্যার সমাধান খোঁজার প্রচেষ্টা ফুটে ওঠে। দর্শনার্থীরা স্টল ঘুরে শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন। অনেকেই মনে করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের প্রতিটি উদ্ভাবনী চিন্তাই গুরুত্বপূর্ণ। কোনো ধারণাই ছোট নয়। সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে একটি ছোট আইডিয়াও একদিন বড় আবিষ্কারে রূপ নিতে পারে।
তারা আরও বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রম তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে বিজ্ঞানচর্চা ও সৃজনশীল গবেষণায় উৎসাহিত করা গেলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথ আরও সুগম হবে।
প্রদর্শনী শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রকল্প নির্বাচন করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার কে এম সোহেল রানা এবং সাচার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ নওশির আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন, সহ-সভাপতি আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুবাস, শিক্ষা বিষয়ক সমন্বয়ক অধ্যাপক আবদুল ওয়াদুদ মজুমদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমদ, উপজেলা মৎস্য কর্মকর্তা ডা. সাওকাত হোসেন সুমনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
আরবিএন