‘চীনের উন্নতির পেছনে কঠোর পরিশ্রম ও শিক্ষার অবদান রয়েছে’

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

চীনের উন্নয়ন কোনো আকস্মিক ঘটনা নয়, দেশটির মানুষ শিক্ষা ও কর্মের মাধ্যমে নিজেদের অবস্থান গড়ে তুলেছে বলে মন্তব্য করেছেন স্থানীয়

2026-06-12T18:52:17+00:00
2026-06-12T18:52:17+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
সারাদেশ
‘চীনের উন্নতির পেছনে কঠোর পরিশ্রম ও শিক্ষার অবদান রয়েছে’
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৬:৫২ পিএম   (ভিজিট : ১২)
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সময়ের আলো
চীনের উন্নয়ন কোনো আকস্মিক ঘটনা নয়, দেশটির মানুষ শিক্ষা ও কর্মের মাধ্যমে নিজেদের অবস্থান গড়ে তুলেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১২ জুন) সকালে ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বাংলাদেশ-চীন মৈত্রী উদ্যোগে আয়োজিত স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি (গেস্ট অব অনার) হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ. ই. ইয়াও ওয়েন।

‘তরুণ মেধার বিকাশ, উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার প্রায় ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকের চীন যে এত উন্নত হয়েছে, তা তাদের নিজেদের প্রচেষ্টা, শিক্ষা ও পরিশ্রমের ফল। কোনো জাতি বিনা পরিশ্রমে উন্নত হতে পারে না। আমাদের শিক্ষার্থীদেরও প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে জ্ঞান ও দক্ষতা অর্জনের বিকল্প নেই।

তিনি বলেন, বর্তমান সরকারও শিশুদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা উপকরণ প্রদান এবং বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হচ্ছে।

চীনের রাষ্ট্রদূতের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, চীন বিশ্বের অন্যতম উন্নত দেশ এবং তারা বিভিন্ন দেশের উন্নয়নে সহযোগিতা করছে। বাংলাদেশের উন্নয়নেও চীনের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ঠাকুরগাঁওয়ের শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে চীন আরও সহযোগিতা করবে।

তিনি আরও জানান, চীনের রাষ্ট্রদূত তাকে আশ্বস্ত করেছেন যে চলতি বছর ও আগামী বছরের মধ্যে শিল্পকারখানা স্থাপনের সম্ভাবনা যাচাই করতে চীন থেকে একটি প্রতিনিধি দল ঠাকুরগাঁও সফর করবে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে চীনের রাষ্ট্রদূত এইচ. ই. ইয়াও ওয়েন বলেন, প্রতিবছর বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি বলেন, শিক্ষার্থীরাই একটি দেশের ভবিষ্যৎ। আমি বিশ্বাস করি, এসব শিক্ষা সামগ্রী তাদের শিক্ষাজীবনকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ে কৃষিভিত্তিক উন্নয়নের সম্ভাবনা রয়েছে এবং এ খাতে সহযোগিতার সুযোগ খুঁজে দেখা হবে। এ উদ্দেশ্যে আগামী জুলাই-আগস্ট মাসে চীনের একটি প্রতিনিধি দল এলাকা পরিদর্শনে আসবে।

ইয়াও ওয়েন জানান, আগামী বছরের মধ্যে ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের জন্য চীন সফরেরও ব্যবস্থা করা হবে। পর্যায়ক্রমে আরও শিক্ষার্থী এ সুযোগ পাবে এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পায়গাম আলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সরকারি দপ্তরের কর্মকর্তারা।

আরবিএন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: