ফিফা বিশ্বকাপের প্রস্তুতির মাঝেই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে ইংল্যান্ড জাতীয় ফুটবল দল। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে দলের বেস ক্যাম্পে পৌঁছানোর আগেই অনুশীলনের কিছু সরঞ্জাম চুরি হওয়ার ঘটনা ঘটেছে।
জানা গেছে, ইংল্যান্ড দলের প্রাক-টুর্নামেন্ট ক্যাম্প ফ্লোরিডা থেকে অনুশীলন সামগ্রী কানসাস সিটির সোয়োপ সকার ভিলেজে পাঠানো হচ্ছিল। শনিবার সেখানে দলের অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে। সরঞ্জাম পরিবহনের সময়ই চুরির ঘটনা ঘটে।
ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চুরি হওয়া সামগ্রীর মধ্যে ফুটবল ও খেলোয়াড়দের বুটও রয়েছে। ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে কানসাস সিটির স্থানীয় পুলিশ।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, একটি দলের সরঞ্জামবাহী গাড়ি কানসাস সিটিতে পৌঁছানোর পর কিছু সামগ্রী খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি চুরির ঘটনা কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না।
বিশ্বকাপের ঠিক আগে এমন ঘটনা ইংল্যান্ডের প্রস্তুতিতে কিছুটা প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগামী বুধবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড।
শনিবার কানসাস সিটির বেস ক্যাম্পে পৌঁছানোর কথা রয়েছে ইংল্যান্ড দলের। এর আগে গরম ও আর্দ্র আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে দলটি ফ্লোরিডায় অবস্থান করছিল। সেখানে তারা নিউজিল্যান্ড ও কোস্টারিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে।
উল্লেখ্য, বিশ্বকাপে অংশ নেওয়া আরও কয়েকটি দল কানসাস সিটি ও আশপাশের এলাকায় নিজেদের বেস ক্যাম্প স্থাপন করেছে। এর মধ্যে রয়েছে আলজেরিয়া, আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডস।
আরবিএন