বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে চিকিৎসাসেবা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় অনিয়ম দেখে ক্ষোভ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।
শনিবার (১৩ জুন) নিজের নির্বাচনী এলাকার এই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে তিনি দেখেন, হাসপাতালের মূল ফটক বন্ধ এবং বেশ কয়েকজন চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত। পরে ভেতরে প্রবেশ করে হাজিরা রেজিস্টার পর্যালোচনা করলে স্বাক্ষর ও উপস্থিতি সংক্রান্ত একাধিক অসঙ্গতি ধরা পড়ে।
পরিস্থিতি দেখে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এমরানুর রহমানকে মোবাইল ফোনে যোগাযোগ করেন এবং দায়িত্বে অবহেলার বিষয়ে কঠোর সতর্কবার্তা দেন। এ সময় তিনি বলেন, ‘আমি গত তিন মাসে সাত থেকে আটবার হাসপাতালে এসেছি, কিন্তু একদিনও আপনাকে কর্মস্থলে পাইনি। দায়িত্ব পালন করতে না চাইলে চলে যান। হয় কাজ করবেন, না হয় চলে যাবেন।’
প্রতিমন্ত্রী আরও বলেন, চিকিৎসাসেবায় অবহেলা কোনোভাবেই সহ্য করা হবে না। হাসপাতালের প্রশাসনিক বিশৃঙ্খলা দূর করতে আগামী মঙ্গলবার সকালে জরুরি পর্যালোচনা সভা আহ্বানের নির্দেশও দেন তিনি।
পরিদর্শন শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের তিনি আশ্বস্ত করে বলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।
/এসএকে