গাজীপুরের কালিয়াকৈরে সাহেরা নামে পোশাক শ্রমিক রহস্যজনক মৃত্যুতে স্বামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৪ জুন) দুপুরে আসামিদের গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়।
এর আগে, ১০ জুন রাতে মৌচাক টাওয়ার মার্কেট এলাকায় রাতের বেলা সেই শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে। তারপর নিহত শ্রমিকের মা জাকিয়া বেগম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করে। সেই প্রেক্ষিতে শনিবার রাতে একই এলাকার ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন- নিহতের স্বামী টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোবিদিয়া গ্রামের বাসিন্দা শ্যামল মিয়া (২১), মৌচাক ডুলিপাড়া এলাকার রমেশ বর্মন (৩৫) এবং একই এলাকার বাড়ি মালিক মানিক (৪০)।
উল্লেখ্য, জীবিকার প্রয়োজনে স্বামীকে নিয়ে গাজীপুরে থাকতেন সাহেরা। একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি। তার স্বামী শ্যামল একজন গাড়ি হেলপার। শ্যামল প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরে বাসা থেকে বের হয়ে যান। তারপর রাত আনুমানিক ২টায় বাড়িতে পৌঁছে দেখতে পান ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। দরজা খুলে গলায় কাপড় প্যাঁচানো এবং অচেতন অবস্থায় সাহেরাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন তিনি। এ সময় তার চিৎকারে বাড়ির মালিক ও আশপাশের লোকজন ছুটে আসেন। এলাকাবাসী খবর দিলে বুধবার সকালে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তারপর ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম পিপিএম বার জানান, রবিবার দুপুরে হত্যা মামলার আসামিদের গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
/মহু