আ. লীগ নেতাকে গ্রেফতারের জেরে ওসির অপসারণ দাবি বিএনপি নেতার

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাদেশ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ওই

2026-06-14T17:20:35+00:00
2026-06-14T17:20:35+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
সারাদেশ
আ. লীগ নেতাকে গ্রেফতারের জেরে ওসির অপসারণ দাবি বিএনপি নেতার
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৫:২০ পিএম   (ভিজিট : ২২)
আ. লীগ নেতাকে গ্রেফতারের জেরে ওসির অপসারণ দাবি বিএনপি নেতার। ছবি : সময়ের আলো
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করায় ক্ষুব্ধ হয়ে থানার ওসির (ভারপ্রাপ্ত কর্মকর্তা) অপসারণ দাবি করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম। আর এই ঘটনার প্রতিবাদে এবং জাহাঙ্গীর আলমের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপির একাংশ।

রোববার (১৪ জুন) দুপুরে কালীগঞ্জ উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি উত্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুজ্জামান সবুজ। তিনি বলেন, লালমনিরহাট-২ আসনের ভোটাররা দলের শীর্ষ নেতা তারেক রহমানের প্রতি আস্থা রেখে রোকন উদ্দিন বাবুলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেন। কিন্তু দলের হাই কমান্ডের নির্দেশ উপেক্ষা করে উপজেলা বিএনপির আহ্বায়ক ও মনোনয়ন-বঞ্চিত নেতা জাহাঙ্গীর আলম নির্বাচনে ধানের শীষের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। নির্বাচনে ধানের শীষের বিজয় ঠেকাতে ব্যর্থ হয়ে এখন তিনি হিংসাত্মক মনোভাব থেকে স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছেন।

জাহাঙ্গীর আলম বিএনপির আহ্বায়কের ব্যানার ব্যবহার করে প্রশাসনকে দায়িত্ব পালনে নানাভাবে বাধা দিচ্ছেন। সম্প্রতি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাশকতা মামলার এজাহারনামীয় আসামি আজিজার রহমানকে গ্রেফতার করে পুলিশ। এই আজিজার রহমান মূলত উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের ভায়রা (স্ত্রীর বোনের স্বামী)।


আপন ভায়রা গ্রেফতার হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওসির অপসারণের নামে জাহাঙ্গীর আলম ও তার অনুসারীরা উপজেলার শান্ত পরিবেশকে অশান্ত ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছেন।

শামছুজ্জামান সবুজ তার বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে যারা ধানের শীষের বিরোধিতা করছে, আওয়ামী লীগকে পুনর্গঠনে সহায়তা করছে এবং এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে কঠোর রাজনৈতিক ব্যবস্থা নিতে হবে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সবুজ জানান, ধানের শীষের বিপক্ষে অবস্থান নেওয়া এসব নামধারী নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় বিএনপিকে মৌখিকভাবে অবগত করা হয়েছে। কেন্দ্র থেকে জানানো হয়েছে যে, এসব অপশক্তির বিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য কেন্দ্রের কাছে রয়েছে এবং ক্রমান্বয়ে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা এবার বিষয়টি লিখিত আকারে কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেব। আত্মীয়কে বাঁচানোর নামে যারা আওয়ামী ফ্যাসিবাদ কায়েমের অপচেষ্টা চালাচ্ছে, দলে তাদের কোনো ঠাঁই হবে না। যারা দলীয় আদর্শের চেয়ে আত্মীয়কে বড় করে দেখে, তারা কখনই দল বা দেশকে ভালোবাসতে পারে না। আমরা তাদের শাস্তির দাবিতে অনড়।

সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিধান কান্তি, জেলা বিএনপি সদস্য অধ্যক্ষ সালেহ আহমেদ, গজর উদ্দিন পাটোয়ারী, খালেকুজ্জামান হেলাল, উপজেলা যুবদলের সদস্য সচিব কুদর-ই-মেহেরবান মিঠু সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সময়ের আলো/জোই


  বিষয়:   আওয়ামী লীগ নেতা  গ্রেফতার  ওসি  অপসারণ দাবি  বিএনপি নেতা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: