জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে আরও একজনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে পুশইন চেষ্টা রুখে দিয়েছে জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয়রা।
সোমবার (১৫ জুন) দিবাগত রাতে দেওয়ানগঞ্জের ঝাওডাঙ্গা ১০৭৮ আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে মধ্যেরচর এলাকায় এঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১০ টার দিকে মধ্যেরচর সীমান্ত দিয়ে এক যুবককে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ।
বিষয়টি জানাজানি হলে বাংলাদেশ সীমান্তে অবস্থান নেয় বিজিবি সদস্য ও স্থানীয় এলাকাবাসী। বিজিবি ও স্থানীয়দের কড়া পাহারায় অবশেষে পুশইন চেষ্টা ব্যর্থ হয় বিএসএফের।
পুশইন চেষ্টা ব্যর্থ হওয়ার পর ওই যুবক বর্তমানে শূন্য রেখায় অবস্থান করছে। শূন্য রেখার দুপাশে বিজিবি ও বিএসএফ সতর্কাবস্থায় রয়েছে। এর আগেও জামালপুর সীমান্ত দিয়ে কয়েকজনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, আমাদের দেওয়ানগঞ্জের ঝাওডাঙ্গা সীমান্তে গতরাতে অবৈধভাবে এক ব্যক্তিকে পুশইনের চেষ্টা করা হয়েছে। পুশইন ঠেকাতে বর্তমানে বিজিবি সতর্কাবস্থায় রয়েছে।
সময়ের আলো/আতা