পাকিস্তান কখনো ফুটবল বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারেনি। তবে ২০২৬ বিশ্বকাপে পাকিস্তানি বংশোদ্ভূত এক ফুটবলার ইতিহাসের অংশ হতে যাচ্ছেন। ইরাকের হয়ে মাঠে নামতে পারলেই জিদান ইকবাল হবেন পুরুষ ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া প্রথম পাকিস্তানি বংশোদ্ভূত ফুটবলার।
২৩ বছর বয়সী জিদান ইকবালের জন্ম ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে। তার বাবা পাকিস্তানি এবং মা ইরাকি। ফুটবলের হাতেখড়ি হয়েছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে। বর্তমানে তিনি নেদারল্যান্ডসের ক্লাব উট্রেখটের হয়ে খেলছেন। আন্তর্জাতিক ফুটবলে তিনি ইরাক জাতীয় দলের প্রতিনিধিত্ব করছেন।
জিদান ইকবালের সম্ভাব্য বিশ্বকাপ অভিষেক শুধু ইরাকের জন্যই নয়, পাকিস্তানের ফুটবল সমর্থকদের কাছেও বিশেষ তাৎপর্য বহন করছে। কারণ, পাকিস্তান এখনো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে পারেনি। ফলে পাকিস্তানি শিকড়ের কোনো ফুটবলারকে বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে দেখা দেশটির ফুটবলপ্রেমীদের জন্য হবে এক স্মরণীয় মুহূর্ত।
ইকবাল জানিয়েছেন, প্রথমে তিনি নিজেও জানতেন না যে বিশ্বকাপে খেললে এমন একটি অনন্য ইতিহাসের অংশ হয়ে যাবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি সঙ্গে সঙ্গেই খবরটি তার বাবার সঙ্গে ভাগ করে নেন। পাকিস্তানি পরিচয়কে তিনি গর্বের বিষয় হিসেবে দেখেন, আবার মায়ের দেশ ইরাকের প্রতিনিধিত্ব করাও তার কাছে সমান সম্মানের।
নিজের এই দ্বৈত পরিচয়কে তিনি মাঠেও ধারণ করেন। তার ফুটবল বুটের এক পাশে থাকে ইরাকের পতাকা, অন্য পাশে পাকিস্তানের পতাকা। এ বিষয়ে ইকবাল বলেন, দুই দেশের সংস্কৃতি, পরিবার ও শিকড়ের প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি এমনটি করে থাকেন।
তার ভাষায়, পাকিস্তান ও ইরাক—দুই পরিচয়ের সঙ্গেই তার গভীর আবেগ ও আত্মিক সংযোগ রয়েছে। তাই একটিকে অন্যটির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলা তার জন্য কঠিন।
২০২৬ বিশ্বকাপ ইরাকের জন্যও একটি ঐতিহাসিক অর্জন। ১৯৮৬ সালের পর দীর্ঘ ৪০ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে দলটি আবারও বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। কঠিন বাছাইপর্ব ও প্লে-অফ পেরিয়ে এই সাফল্য অর্জন করেছে তারা।
বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরাকের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ফ্রান্স, নরওয়ে ও সেনেগাল।
বিশ্বকাপের মঞ্চে জিদান ইকবাল খেলবেন ইরাকের জার্সিতে। তবে তার বুটে থাকবে পাকিস্তানের পতাকা। আর সে কারণেই ইরাকের সমর্থকদের পাশাপাশি পাকিস্তানের অসংখ্য ফুটবলপ্রেমীর নজরও থাকবে এই তরুণ মিডফিল্ডারের দিকে। ২০২৬ বিশ্বকাপে মাঠে নামলেই তিনি গড়ে ফেলবেন এক অনন্য ইতিহাস।
/এসএকে