আধুনিক গানের অ্যালবাম নিয়ে আসছেন দেশের প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা। প্রাথমিকভাবে এর নাম রাখা হয়েছে ‘প্রেম’। এতে থাকছে মোট ১০টি গান। এরই মধ্যে অ্যালবামের পাঁচটি গানের কাজ শেষ হয়েছে। চলছে বাকি গানগুলোর কাজ।
শুধু অডিও নয়, অ্যালবামের প্রতিটি গানের ভিডিও প্রকাশ করা হবে। পাশাপাশি অ্যালবামটি উন্মুক্ত হবে অডিও আকারেও।
নজরুল সংগীতশিল্পী হলেও বিভিন্ন সময় আধুনিক গানেও কণ্ঠ দিয়েছেন ফেরদৌস আরা। ৩১ বছর আগে ১৯৯৫ সালে ‘মনের পাখি কথা কয়’ শিরোনামে একটি আধুনিক গানের অ্যালবাম প্রকাশ হয়েছিল তার।
নতুন এই অ্যালবামটি প্রসঙ্গে ফেরদৌস আরা বলেন, ১৯৭২ সালে বিটিভিতে অডিশন দিয়ে নজরুল ও আধুনিক দুই বিভাগেই তালিকাভুক্ত হয়েছিলাম কিন্তু বাবা চাইতেন না আমি আধুনিক গান নিয়ে এগোই। তাই নজরুল সংগীত নিয়েই নিজেকে ব্যস্ত রেখেছিলাম।
তবে বিভিন্ন সময় অনুরোধে চলচ্চিত্র, নাটক এবং বিটিভির বিভিন্ন অনুষ্ঠানে আধুনিক গান গেয়েছি। ১৯৯৫ সালে ‘মনের পাখি কথা কয়’ নামে একটি আধুনিক গানের অ্যালবামও করেছিলাম। এরপর অনেক বছর কেটে গেছে আর কোনো আধুনিক গানের অ্যালবাম করা হয়নি।
/এসএকে