বাংলা চলচ্চিত্রের এক মাইলফলক ও কালজয়ী সৃষ্টি সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’। ১৯৬৯ সালে মুক্তিপ্রাপ্ত এই মাস্টারপিস সিনেমাটি তৈরির পেছনের না বলা ইতিহাস ও সংগ্রাম এবার বড় পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি। নতুন এই পটভূমিভিত্তিক সিনেমার নাম রাখা হয়েছে ‘মহারাজা তোমারে সেলাম’।
‘মহারাজা তোমারে সেলাম’ সিনেমায় অভিনয় করছেন একঝাঁক তারকা শিল্পী। এর মধ্যে রয়েছেন জিতু কামাল, ঋত্বিক ভৌমিক, রুদ্রনীল ঘোষ, শতাক্ষী নন্দী, সৈরিতি বন্দ্যোপাধ্যায় এবং অরিজিৎ দত্ত প্রমুখ। তবে কোন অভিনেতা ঠিক কোন চরিত্রে পর্দায় হাজির হবেন, তা নিয়ে নির্মাতারা এখনো রহস্য বজায় রেখেছেন। দর্শকদের জন্য এটি আপাতত একটি বড় চমক হিসেবেই তুলে রাখা হয়েছে।
সৃজিত মুখার্জির ভাষ্য অনুযায়ী, ষাটের দশকের উত্তাল কলকাতার রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের সঙ্গে লড়াই করে কীভাবে সত্যজিৎ রায় ও তার টিম ‘গুপী গাইন বাঘা বাইন’ তৈরি করেছিলেন, সেটাই এই সিনেমার মূল আকর্ষণ। সেই সময়ের কঠিন বাস্তবতার মাঝেও সিনেমা তৈরির সঙ্গে জড়িত কলাকুশলী এবং একটি অসম্ভব কাজকে সম্ভব করে তোলার শৈল্পিক জেদ ও সত্তাকেই বড় পর্দায় তুলে ধরতে চান পরিচালক।
ঐতিহাসিক এই প্রজেক্টটি যৌথভাবে প্রযোজনা করছে হইচই স্টুডিওস এবং ফ্রেন্ডস কমিউনিকেশন। এ ছাড়া ‘গুপী গাইন বাঘা বাইন’-এর মূল প্রযোজনা প্রতিষ্ঠান ‘পিয়ালি ফিল্মস প্রাইভেট লিমিটেড’-এর সহযোগিতাও থাকছে এই কাজে।
জানা গেছে, আজ কলকাতার ঐতিহাসিক প্রিয়া সিনেমা হলে এক বিশেষ আয়োজনের মধ্য দিয়ে সিনেমাটির অফিসিয়াল ফার্স্ট লুক পোস্টার উন্মোচন করবেন পরিচালক সৃজিত মুখার্জি।
সময়ের আলো/জেডি