চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চারিয়া এলাকায় ইটভাটার পুকুরে ইটবোঝাই একটি ট্রাক পড়ে যাওয়ার ঘটনায় নিখোঁজ ট্রাক হেলপার শাহীনের (২৬) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুর ২টার দিকে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চারিয়া ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে চারিয়া ব্রিকফিল্ড এলাকার একটি পুকুরসংলগ্ন সড়ক দিয়ে অতিরিক্ত ইটবোঝাই একটি ট্রাক যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ ঘটনায় ট্রাকের হেলপার শাহীন নিখোঁজ হন।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে ফায়ার সার্ভিসকে জানানো হলে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং আগ্রাবাদ ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আবদুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে দুপুর ২টার দিকে ডুবুরি দল শাহীনের মরদেহ উদ্ধার করে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমানও মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সময়ের আলো/এসএকে