মানুষের গল্প বলতে চাই

মাসুদুর রহমান

আনন্দ সময়

বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্র- অভিনয়ের সব মাধ্যমেই মুগ্ধতা ছড়িয়েছেন অর্চিতা স্পর্শিয়া। নিজেকে বারবার প্রমাণ করেছেন বিভিন্ন চরিত্রে। একসময় নাটকে প্রচুর

2026-06-18T02:25:32+00:00
2026-06-18T02:25:32+00:00
 
  বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
আনন্দ সময়
মানুষের গল্প বলতে চাই
মাসুদুর রহমান
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ২:২৫ এএম   (ভিজিট : ১৩)
অর্চিতা স্পর্শিয়া। ছবি : সংগৃহীত
বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্র- অভিনয়ের সব মাধ্যমেই মুগ্ধতা ছড়িয়েছেন অর্চিতা স্পর্শিয়া। নিজেকে বারবার প্রমাণ করেছেন বিভিন্ন চরিত্রে। একসময় নাটকে প্রচুর কাজ করলেও এখন কমিয়ে দিয়েছেন। মাঝে বিরতি নিয়ে আবার ফিরেছেন অভিনয়ে। কেবল মানসম্মত গল্পেই দেখা মিলছে তার। 

সেই ধারাবাহিকতায় ঈদে প্রচারে আসা একাধিক নাটক নিয়ে নতুন করে আলোচনায় এই অভিনেত্রী। হাসিব হোসাইন রাখী পরিচালিত ঈদের নাটক ‘মাই ব্যাড বয়’ শুরু থেকেই আলোচনায়। প্রচারে আসার আগেই দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করে। দুই তরুণ-তরুণীর প্রেম, খুনশুটি আর সম্পর্কের টানাপোড়েন নিয়ে এগিয়েছে এই নাটকের গল্প। গতকাল এই প্রতিবেদন লেখা পর্যন্ত নাটকটি ৩১ লাখ ভিউ অতিক্রম করেছে। 

নাটকটি নিয়ে স্পর্শিয়া বলেন, রোমান্টিক গল্পের নাটক এটি। পাশাপাশি গল্পে কিছু বাস্তবতাও আছে। ভালো লাগছে নাটকটি দর্শক গ্রহণ করেছেন। বেশ ইতিবাচক সাড়া পাচ্ছি। আসলে দর্শকদের ভালোবাসা শিল্পীকে অনুপ্রাণিত করে। পরবর্তী কাজে আরও দায়িত্ববান করে তোলে। 

এই নাটকের মাধ্যমে দীর্ঘ ১০ বছর পর জুটি বাঁধেন তৌসিফ মাহবুব ও স্পর্শিয়া। ক্যারিয়ারের শুরুর দিকে একাধিক নাটকে একসঙ্গে অভিনয় করে দর্শকের কাছে তারা পরিচিতি পেলেও ২০১৬ সালের পর আর দেখা যায়নি তৌসিফ-স্পর্শিয়াকে। এ ছাড়া ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ একসঙ্গে কাজের সুযোগ হয় তাদের। স্পর্শিয়া বলেন, আমাদের ক্যারিয়ার প্রায় একই সময়ে শুরু। শুরুতে আমরা অনেক কাজ করেছি একসঙ্গে। পরে আমি কিছু সময় নাটকে অনিয়মিত ছিলাম, তাই একসঙ্গে কাজ হয়নি। এখন আবার ফিরে এসে একসঙ্গে কাজ করছি। ভীষণ ভালো লাগছে।

‘মাই ব্যাড বয়’ ছাড়াও ঈদের আরও দুটি নাটকে দেখা গেছে স্পর্শিয়াকে। একটি মাহমুদ মাহিনের ‘দ্য ফ্যামিলি’, অন্যটি রাইয়ান মাহমুদের ‘আমানত’। এই দুটি নাটকও দর্শকমহলে সাড়া ফেলেছে। পারিবারিক গল্পের ‘দ্য ফ্যামিলি’ নাটকে স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। অন্যদিকে প্রবাসীদের স্ত্রীদের ত্যাগ ও সামাজিক সংগ্রামের গল্পে নির্মিত ‘আমানত’ নাটকে তার নায়ক মুশফিক আর ফারহান। 

ঈদের পর লাইট-ক্যামেরায় ফিরেছেন স্পর্শিয়া। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজনের শুটিং করছেন তিনি। এতে যুক্ত হওয়ার সিদ্ধান্তটা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, অনেক দিন ধরেই ইচ্ছা ছিল একটু ভিন্ন ঘরানার কাজ করার। একটু ফান-কমেডি বা হালকা কিছু করতে, যাতে আরও বেশি দর্শকের সঙ্গে যুক্ত হওয়া যায়। এমন সময় ‘ব্যাচেলর পয়েন্ট’-এর প্রস্তাব আসে। কাজটি করার সিদ্ধান্তই নিই। এতে অভিনয় বেশ উপভোগ করছি। ইতিমধ্যে ধারাবাহিকটির স্পর্শিয়া অভিনীত পর্ব প্রচার হয়েছে। তাতে স্পর্শ চরিত্রে দেখা গেছে অভিনেত্রীকে। চরিত্রটির জন্য ভালো সাড়া পেয়েছেন বলে জানান তিনি। 

আগের মতো অভিনয়ে ব্যস্ততা নেই স্পর্শিয়ার। দর্শক ও নির্মাতাদের কাছে তার গ্রহণযোগ্যতা থাকলেও খুবই কম কাজ করছেন তিনি। প্রায়ই কাজের প্রস্তাব পেলেও সব গল্প, চরিত্রই মনে ধরে না তার। কম হলেও মানসম্মত কাজে নিজেকে সচল রাখতে চান বলেই অভিনয়ে কম দেখা যায় বলে জানান তিনি। নতুন কাজের পরিকল্পনা নিয়ে স্পর্শিয়া বলেন, অভিনয়ের মাধ্যমে আমি মানুষের গল্প বলতে চাই। বাস্তব চরিত্রে আরও বেশি কাজের ইচ্ছা আছে আমার। সমাজে যে গল্প আছে, সেগুলো পর্দায় তুলে ধরতেই আমার বেশি আগ্রহ।

‘প্যারাসুট’ তেলের বিজ্ঞাপন দিয়ে অভিনয় শুরু স্পর্শিয়ার। ক্যারিয়ারে দেড় দশক পার করেছেন তিনি।  এই পথচলার উপলব্ধি নিয়ে অভিনেত্রী বলেন, নাটক-সিনেমাসহ নানা জায়গায় কাজ করেছি। দেখতে দেখতে দেড় দশক পার হয়ে গেছে। এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটা সত্যিই কঠিন। আমি সৌভাগ্যবান এখনও টিকে আছি, কাজ করছি। এটাই আমার জীবনের বড় সাফল্য।

ক্যারিয়ারে নাটকের পাশাপাশি কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন স্পর্শিয়া। নিয়ামুল হাসান মুক্তা পরিচালিত ‘কাঠবিড়ালি’, অনন্য মামুনের ‘আবার বসন্ত’ ও ‘নবাব এলএলবি’ চলচ্চিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছেন তিনি। গ্রহণযোগ্যতা পেলেও চলচ্চিত্রে নিয়মিত নন এই অভিনেত্রী। দীর্ঘদিন হলো নেই বড়পর্দায়। এ বিষয়ে স্পর্শিয়া বলেন, মূলত ব্যাটে-বলে মেলেনি বলেই সিনেমায় দেখা যাচ্ছে না। সিনেমা মানেই কিন্তু বিশাল কিছু। সেই বিশালতায় যদি একসঙ্গে সবকিছু না ঘটে, তা হলে তো শুধু করার জন্য সিনেমা করা ঠিক হবে না। সিনেমার গল্প অনেক পেয়েছি। যেগুলো পেয়েছি তা করার চেয়ে না করাই উত্তম মনে হয়েছে। তবে সামনে দারুণ কিছু গল্পের সিনেমায় দেখা যাবে আশা করছি।

সময়ের আলো/আআ


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: