অল্প সময়ের অভিনয়জীবনে নাটক, ওয়েব ফিল্ম, মিউজিক ভিডিওতে নিজেকে প্রমাণ করেছেন পার্থ শেখ। নির্মাতা ও দর্শকদের কাছে তার আলাদা গ্রহণযোগ্যতা
থাকায় হয়ে ওঠেছেন সময়ের ব্যস্ত অভিনেতা। পার্থর নাটক মানেই বাড়তি আবেদন। গত ঈদে প্রচারিত অসংখ্য নাটকের ভিড়ে জায়গা করে নিয়েছে এই অভিনেতার নাটক ‘অমর প্রেম’। জিয়াউল ইসলাম সুমনের পরিচালনায় নাটকটিতে তানজিম সাইয়ারা তটিনীর সঙ্গে তার রসায়ন দর্শকদের মন ভরিয়েছে। সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশের পর সামাজিকমাধ্যমে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া পার্থর অভিনয়ে অবস্থান আরও একটু পোক্ত করেছে। দর্শকমহলে প্রশংসায় ভাসছেন তিনি। এই প্রসঙ্গে পার্থ বলেন, দর্শক সবসময় ভালো গল্পের কাজ দেখতে চায়।
ঈদ নাটক ‘অমর প্রেম’ নাটকটি তেমনই। ভালোবাসা গভীর অনুভূতি আর সম্পর্কের নানা টানাপোড়েন নিয়ে এর গল্প। জীবনের কঠিন বাস্তবতার মাঝে টিকে থাকা বিশ্বাস এবং আবেগের এক গল্প তুলে ধরা হয়েছে এখানে। নাটকটি দর্শকের মন ছুঁয়ে যাওয়ার মতোই। ঈদের আগে গানচিল মিউজিকের ব্যানারে প্রকাশ পেয়েছে এই অভিনেতার মিউজিক ভিডিও ‘মন বুঝি না’। জিসান খান শুভর কণ্ঠে গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।
রহিত রহমান সৈকতের নির্দেশনায় নির্মিত ভিডিওটিতে পার্থর বিপরীতে অভিনয় করেছেন আইশা খান। অন্যদিকে ওয়েব অঙ্গনেও প্রশংসিত পার্থ। সম্প্রতি চরকিতে মুক্তি পাওয়া শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ওয়েব ফিল্ম ‘চা গরম’-এ তার অভিনয় মুগ্ধতা ছড়িয়েছে। চা-শ্রমিকদের জীবন, সংগ্রাম এবং স্বপ্ন কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন ‘মিঠু’ চরিত্রে। বিশেষ করে প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম মানবিকভাবে তুলে ধরার জন্য চলচ্চিত্রটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।
এখন অভিনয়ে ব্যস্ততা থাকলেও পার্থ একসময় ভালো ক্রিকেট খেলতেন। স্বপ্ন দেখতেন জাতীয় দলে খেলার। কিন্তু খেলতে গিয়ে হঠাৎ স্পাইনাল কর্ডের ইনজুরি তার স্বপ্ন ভেঙে দেয়। নতুন স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেন শোবিজ অঙ্গনে। সফলতাও পেয়ে যান। বর্তমান সময়ের ব্যস্ত অভিনেতাদের একজন পার্থ। প্রতিনিয়ত কাজের প্রস্তাব পেলেও অভিনয় করেন বেছে বেছে। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, এমন গল্প, নতুন নতুন চরিত্রে মনোযোগ দিচ্ছি। যে গল্পগুলো আমার জন্য চ্যালেঞ্জিং, নতুন অভিজ্ঞতা, আমার ক্যারিয়ারে ভিন্ন একটা মাত্রা যোগ করবে।
ছোটপর্দায় নিয়মিত অভিনয় করলেও বড়পর্দায় দেখা যায়নি এই অভিনেতাকে। সিনেমায় অভিনয়ের প্রসঙ্গে পার্থ বলেন, নাটক ও ওটিটির কনটেন্ট নিয়েই বেশি ব্যস্ত। এ কারণে আপাতত সিনেমা নিয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে না। ভালো গল্পের স্ক্রিপ্ট ও চরিত্র পেলে অবশ্যই সিনেমায় আমাকে দেখা যাবে।
সময়ের আলো/আআ