আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে

সম্পাদকীয়

মতামত

রাজধানীর নাগরিক জীবনের অন্যতম প্রধান অস্বস্তি ও আতঙ্কের নাম এখন ‘ছিনতাইকারী’। সাম্প্রতিক রাজধানীর অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কগুলোতে ছিনতাইকারীদের

2026-06-18T05:32:44+00:00
2026-06-18T05:32:44+00:00
 
  বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
মতামত
গ্রেফতার হয়ে জামিনে এসে ফের ছিনতাই
আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে
সম্পাদকীয়
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৫:৩২ এএম   (ভিজিট : ৮)
গ্রাফিক : সময়ের আলো
রাজধানীর নাগরিক জীবনের অন্যতম প্রধান অস্বস্তি ও আতঙ্কের নাম এখন ‘ছিনতাইকারী’। সাম্প্রতিক রাজধানীর অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কগুলোতে ছিনতাইকারীদের দৌরাত্ম্য চরম আকারে বৃদ্ধি পেয়েছে। ভোরবেলা কর্মস্থলমুখী সাধারণ মানুষ, গভীর রাতে দূরপাল্লার বাস কিংবা ট্রেন থেকে নামা যাত্রী, এমনকি প্রকাশ্যে পথচারী- কেউই এখন নিরাপদ নন। ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাত আর টানাহেঁচড়ায় প্রতিনিয়ত রক্ত ঝরছে নিরীহ মানুষের, ঝরে যাচ্ছে তাজা প্রাণ।

আইনশৃঙ্খল বাহিনী ও গণমাধ্যমের সূত্র অনুযায়ী, ঢাকার বিভিন্ন স্পটে এখন কিশোর গ্যাং থেকে শুরু করে সংঘবদ্ধ পেশাদার ছিনতাইকারী চক্র সক্রিয়। রিকশা, সিএনজি কিংবা বাসের জানালা দিয়ে মোবাইল-ব্যাগ টান দেওয়া ছাড়াও নির্জন রাস্তায় পথরোধ করে সর্বস্ব কেড়ে নেওয়ার ঘটনা এখন প্রাত্যহিক চিত্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান সত্ত্বেও অপরাধীদের এই বেপরোয়া মনোভাব রাজধানীবাসীকে এক চরম নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দিয়েছে। কেবল আইনগত ব্যবস্থা নয়, বরং আধুনিক নজরদারি এবং সামাজিক প্রতিরোধের অভাবই এই সংকটকে আরও ঘনীভূত করছে।

তথ্য-উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায়, রাজধানীতে ছিনতাইয়ের ঘটনা কেবল বাড়েনি, বরং তা জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে। পুলিশ প্রশাসন ও গোয়েন্দা বিভাগের অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী, বিগত কয়েক মাসে ঢাকার অপরাধের গ্রাফ আশঙ্কাজনকভাবে ঊর্ধ্বমুখী।

পরিসংখ্যান বলছে, চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসের তুলনায় মে মাসে ছিনতাইয়ের প্রকোপ দ্বিগুণ হারে বেড়েছে। মে মাসে রাতের পাশাপাশি প্রকাশ্যে গত বছরের তুলনায় এই অপরাধের হার প্রায় ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা আমাদের জন্য উদ্বেগের কারণ।

ঢাকা শহর, যে শহরটি আমাদের স্বপ্নের শহর, উন্নতির প্রতীক, সেই শহরটি আজ ভয়ংকর এক আতঙ্কের নাম। প্রতিদিনই নতুন মুখ যুক্ত হচ্ছে ছিনতাইয়ের দলে, ভোরের আলো ফুটতেই শুরু হয় আতঙ্কের রাজত্ব। রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইকারীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। 

দৈনিক সময়ের আলোয় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়- সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় বোঝা যাচ্ছে, এই অপরাধে বেড়েছে নিষ্ঠুরতা ও জোরপূর্বকতা। বিশেষ করে আদাবর, মোহাম্মদপুর, শেরেবাংলা নগর এবং ভোরের ঢাকার বিভিন্ন স্পটে পুলিশ অভিযান চালিয়ে অনেক ছিনতাইকারীকে গ্রেফতার করলেও পরিস্থিতির উন্নতি ঘটছে না। বরং অপরাধীরা জামিনে বেরিয়ে আবারও একই পথে ফিরে আসছে। 

সম্প্রতি আদাবর থানার এক অভিযানে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে, যেখানে ছিনতাইকারীরা দেশি অস্ত্র নিয়ে পুলিশকে মারাত্মকভাবে আহত করেছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় এখন সময় এসেছে ছিনতাইকারীদের জন্য আইন আরও কঠোর করা। যেন শাস্তি ও জরিমানার পরিমাণ বৃদ্ধি করা যায়। এ ছাড়া জামিন পাওয়া ছিনতাইকারীদের পরবর্তীতে জামিন সহজে না দেওয়া। এটা নিশ্চিত করা।

অপরাধের এই বেড়ে চলা প্রবণতা উদ্বেগজনক হলেও, পুলিশ কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে, শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে। ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেছেন, প্রতিদিনই অভিযান চালানো হচ্ছে, ছিনতাইকারীদের আটক করা হচ্ছে এবং অস্ত্র উদ্ধার করা হচ্ছে। আমাদের লক্ষ্য এই অপরাধের প্রবণতা নিয়ন্ত্রণে আনা।  

তবে প্রশ্ন, সত্যিই কি এই উদ্যোগগুলো যথেষ্ট? বারবার জামিনে বেরিয়ে এসে অপরাধের পুনরাবৃত্তি কি আমাদের জন্য এক বিরাট সতর্কবার্তা দেয় না? আমাদের সমাজে এই অপরাধের বিরুদ্ধে সচেতনতা বাড়ানো ও কঠোর আইনশৃঙ্খলার প্রয়োগ অপরিহার্য। সাধারণ মানুষ যেন নিরাপদ মনে করতে পারে, সেই জন্য পুলিশ ও আইনপ্রণেতাদের আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। পাশাপাশি জনসাধারণের সচেতনতা ও সতর্কতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সমাজের বিভিন্ন পর্যায় থেকে সহযোগিতা ও মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে।

এ ক্ষেত্রে সরকারের সদিচ্ছা ও পুলিশের কঠোর মনোভাবের মাধ্যমে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আমরা আশাবাদী। তবে এর জন্য প্রয়োজন সমাজের সব স্তরের সম্মিলিত প্রচেষ্টা।

/আআ


Loading...
Loading...
মতামত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: