যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধাবসান এবং হরমুজ প্রণালী দিয়ে পুনরায় বাণিজ্যিক জাহাজ চলাচল সচল করার লক্ষ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও এর স্থায়িত্ব নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি রক্ষা না করে, তবে ইরান কোনোভাবেই নিজের প্রতিশ্রুতি মেনে চলবে না। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর গণমাধ্যম শাখার বরাতে এই তথ্য জানা গেছে।
এর আগে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যৌথভাবে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এর মূল লক্ষ্য ছিল দুই দেশের মধ্যকার চলমান যুদ্ধাবস্থার অবসান ঘটানো এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা।
উভয় দেশের সই করা এই ১৪ দফার শান্তি পরিকল্পনার অংশ হিসেবে, যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে ইরানের ওপর থেকে প্রধান প্রধান অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করতে সম্মত হয়েছে। এর ফলে তেহরান আন্তর্জাতিক ব্যাংকিং খাতে পুনরায় প্রবেশাধিকার পাবে এবং বিশ্ববাজারে তেল বিক্রি করে তাদের রাজস্ব আয় বাড়ানোর সুযোগ পাবে।
তবে চুক্তির এই প্রাথমিক সুবিধার বিপরীতে মার্কিন প্রশাসনের বিশ্বস্ততা নিয়ে সন্দিহান তেহরান। গালিবাফ স্পষ্ট করে দিয়েছেন, এই শান্তি প্রক্রিয়া সম্পূর্ণভাবে নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সততা ও দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নের ওপর। ওয়াশিংটন কোনো ধরনের গড়িমসি বা প্রতিশ্রুতি ভঙ্গ করলে ইরানও এই চুক্তি থেকে তাৎক্ষণিকভাবে মুখ ফিরিয়ে নেবে।
সময়ের আলো/কহু