সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রবাস

সৌদি আরবের আল-জউফ এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গিয়াস উদ্দিন শিকদার (৬০) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (১৭

2026-06-18T16:04:01+00:00
2026-06-18T16:04:01+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
প্রবাস
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪:০৪ পিএম 
নিহত গিয়াস উদ্দিন শিকদার। সংগৃহীত ছবি
সৌদি আরবের আল-জউফ এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গিয়াস উদ্দিন শিকদার (৬০) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহত গিয়াস উদ্দিন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার উত্তর আলম নগর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় সদর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। 

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, জীবন ও জীবিকার তাগিদে প্রায় সাড়ে তিন বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন গিয়াস উদ্দিন। সেখানে আল-জউফ এলাকার একটি কৃষি ফার্মে (মাজরা ভিসা) এক মালিকের অধীনে তিনি কর্মরত ছিলেন। 

বুধবার (১৭ জুন) কাজ শেষে পায়ে হেঁটে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্যক্তিগত জীবনে গিয়াস উদ্দিন শিকদার এক ছেলে ও এক মেয়ের বাবা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে তার স্ত্রী, সন্তানসহ স্বজনেরা এখন দিশেহারা। নিহতের ছোট ভাই শাহিনুজ্জামান শিকদার জানান, ভাইয়ের আকস্মিক মৃত্যুর খবরে পুরো পরিবার স্তব্ধ হয়ে পড়েছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের জরুরি সহযোগিতা কামনা করেছেন।

গিয়াস উদ্দিন শিকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চরভদ্রাসন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফাদ খান। তিনি বলেন, গিয়াস উদ্দিন ছিলেন অত্যন্ত অমায়িক একজন মানুষ। জনপ্রতিনিধি হিসেবে তিনি এলাকার মানুষের সেবায় সব সময় নিয়োজিত ছিলেন। বিদেশের মাটিতে তার এই অকাল ও মর্মান্তিক মৃত্যু পুরো এলাকার জন্য অত্যন্ত বেদনাদায়ক।


এ বিষয়ে ফরিদপুর প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক আশিক সিদ্দিকী জানিয়েছেন, প্রবাসী মৃত্যুর ক্ষেত্রে সাধারণত সংশ্লিষ্ট নিয়োগকারী কোম্পানি মরদেহ দেশে পাঠানোসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। একই সাথে মরদেহ দেশে পৌঁছানোর পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পরিবারকে তিন লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। 

তিনি আরও আশ্বস্ত করেন, কোনো কারণে বিদেশের কোম্পানি যদি মরদেহ পাঠাতে অনীহা প্রকাশ করে, তবে পরিবারের আবেদনের ভিত্তিতে প্রবাসীর মরদেহ সরকারি খরচে দেশে এনে দেওয়াসহ সার্বিক সহযোগিতা করবে বাংলাদেশ সরকার।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   সৌদি আরব  সড়ক দুর্ঘটনা  প্রবাসী  বাংলাদেশি  নিহত 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: