চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় দীর্ঘ প্রায় চার দশকের শিক্ষকতা জীবনের ইতি টানলেন সহকারী শিক্ষিকা সামচুন নাহার লাকী। চাকরি জীবনের শেষদিনে তাকে রাজকীয় সংবর্ধনা ও ভালোবাসায় ভাসিয়ে বিদায় জানিয়েছেন শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবক ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৮ জুন) মতলব দক্ষিণ উপজেলার মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এ উপলক্ষে বরযাত্রীর গাড়ির আদলে একটি গাড়ি ফুল দিয়ে সুসজ্জিত করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও শুভানুধ্যায়ীরা তাকে বিভিন্ন উপহার ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
জানা যায়, সামচুন নাহার লাকী ১৯৮৭ সালের ১২ অক্টোবর মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের মাধ্যমে শিক্ষকতা জীবন শুরু করেন। পরে ১৯৯০ সালের ১৮ অক্টোবর সিপাহি কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন। ১৯৯৩ সালের ১৬ এপ্রিল থেকে ২০২৬ সালের ২৩ মে পর্যন্ত তিনি মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত তিন বছরেরও বেশি সময় তিনি বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেন।
বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা জানান, সামচুন নাহার লাকী ছিলেন একাধারে শৃঙ্খলাপরায়ণ ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক। কঠোরতার সঙ্গে দায়িত্ব পালন করলেও তিনি ছিলেন শিক্ষার্থীদের অত্যন্ত প্রিয় ‘লাকী আপা’। দীর্ঘ কর্মজীবনে তিনি কখনো অনিয়মের সঙ্গে আপস করেননি।
বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ডা. ফিরোজ আহমেদ প্রোপেন বলেন, ‘আমরা যখন স্কুলে পড়তাম, ম্যাডাম ছিলেন আমাদের নয়নের মণি। তিনি যেমন শাসন করতেন, তেমনি স্নেহও দিতেন। বিদায়ের খবর শুনে খুব খারাপ লাগছে। আমরা তার সুস্থ ও সুন্দর অবসর জীবন কামনা করি।’
সহকারী শিক্ষক খায়রুল জান্নাত শ্যামা বলেন, ‘লাকী আপা শুধু সহকর্মী ছিলেন না, তিনি ছিলেন আমাদের বড় বোনের মতো। বিদ্যালয়ে এসে তাকে আর দেখতে পাব না—এ ভাবনাই কষ্ট দিচ্ছে। তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও দক্ষ সংগঠক। আমরা তাকে খুব মিস করব।’
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক সুইটি শিরীনের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুন নাহার।
এ সময় আরও বক্তব্য দেন জেলা মৎস্য জরিপ কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, মতলব দক্ষিণ উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর মো. ছরওয়ার জাহান, হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর রাশেদা আতিক রোজী, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল হাই ও মো. হাবিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক মো. মামুন মিয়া, মতলব প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক রেদওয়ান আহমেদ জাকির এবং অভিভাবক সদস্য নাছির মিয়াজীসহ অনেকে।
সময়ের আলো/এসএকে