মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপি সীমান্তে চারজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে ওই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শুক্রবার (১৯ জুন) ভোরে খালপাড়া সীমান্তের শূন্যরেখা সংলগ্ন আন্তর্জাতিক সীমানা পিলার ১১৬-এর কাছে ভারতের অভ্যন্তরে চারজনকে অবস্থান করতে দেখা যায়। স্থানীয়দের দাবি, তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর প্রস্তুতি চলছিল।
সূত্রে জানা গেছে, ভোরে সীমান্তের ওপারে চারজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিষয়টি বিজিবিকে জানানো হয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত সতর্ক অবস্থান গ্রহণ করেন এবং সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেন। ফলে পুশ-ইনের চেষ্টা সফল হয়নি এবং ওই চারজন বাংলাদেশে প্রবেশ করতে পারেননি।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পুশ-ইনের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী ছিলেন। বিজিবির বাধার মুখে তারা বর্তমানে কোথায় অবস্থান করছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে সীমান্তে সম্ভাব্য পুশ-ইনের আশঙ্কায় বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও শূন্যরেখা সংলগ্ন এলাকায় সতর্ক নজরদারি অব্যাহত রেখেছেন।
এ বিষয়ে ৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ‘মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপি সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে চারজনকে পুশ-ইনের চেষ্টা প্রতিরোধ করেছে বিজিবি। সীমান্তে যেকোনো ধরনের পুশ-ইন ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।’
সময়ের আলো/এসএকে