রাজধানীর খিলক্ষেতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ইমন হোসেন (২৪) নামে এক তরুণ বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২০ জুন) দুপুর ১টার দিকে খিলক্ষেত নিকুঞ্জ-১ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিহতের বাবা টিপু সুলতান জানান, তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শিমুলকান্দি গ্রামে। বর্তমানে তারা রাজধানীর মোহাম্মদপুরের বসিলা মেট্রো হাউজিং এলাকায় বসবাস করেন।
নিহত ইমন ফার্মগেট এলাকার একটি চশমার দোকানে কাজ করতেন। মাত্র দেড় মাস আগে ইমন বিয়ে করেছিলেন, তবে আনুষ্ঠানিকতা শেষে এখনো তাঁর স্ত্রীকে ঘরে তুলে আনা হয়নি। এর মধ্যেই এই আকস্মিক দুর্ঘটনায় পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে বসিলা থেকে বাইসাইকেল চালিয়ে ফার্মগেটে নিজের কর্মস্থলে যান ইমন। সেখান থেকে দুপুরের দিকে হয়তো কোনো প্রয়োজনে সাইকেল চালিয়েই খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় গিয়েছিলেন। সেখানে একটি দ্রুতগামী সিএনজি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
ঘটনাস্থলে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যরা ইমনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুরো ঘটনাটি পরবর্তী আইনগত ব্যবস্থা ও তদন্তের জন্য খিলক্ষেত থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
সময়ের আলো/জেডি