কার্টুন দেখানোর কথা বলে তিন বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে জালাল সিকদার (৬৫) বছরের বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত জালাল সিকদার পলাতক রয়েছেন।
শুক্রবার (১৯ জুন) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার বাউরগাতি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জালাল সিকদার গ্রামের মৃত আজাহার সিকদারের ছেলে।
পরিবারের অভিযোগ, ঘটনার দিন বিকেলে জালাল সিকদার তিন বছরের ওই শিশু কন্যাকে মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে নিজ বসত ঘরে ডেকে নিয়ে পাশবিক নির্যাতন চালায়।
শনিবার (২০ জুন) বিকেলে ভুক্তভোগী শিশুর চাচী জানান, শিশুটিকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তৌকির আহমেদ জানান, শিশু কন্যাটির যৌনাঙ্গ ফোলা ও রক্তাক্ত অবস্থায় স্বজনরা ওইদিন রাতে হাসপাতালে নিয়ে আসে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরনদী মডেল থানার এসআই মো. ফিরোজ আলম বলেন, খবর পেয়ে ওই রাতেই আমি গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম। পরবর্তীতে নির্যাতিতা শিশুর চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করেছি।
ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তকে বাড়িতে পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে, বলেও জানান তিনি।
সময়ের আলো/আতা