গ্রেফতার হওয়া ব্যবসায়ী মির্জা আবুল বাশার মামুনকে ঘিরে প্রকাশিত একাধিক সংবাদে নিজের নাম জড়িয়ে ‘স্ত্রী’ হিসেবে উল্লেখ করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববি। বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।
সম্প্রতি গুলশানে বিশেষ অভিযানে দীর্ঘ সময় আত্মগোপনে থাকা অবস্থায় ব্যবসায়ী মির্জা আবুল বাশার মামুনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতারণাসহ একাধিক মামলায় অভিযুক্ত ওই ব্যবসায়ীকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সেখানে চিত্রনায়িকা ববির নাম জড়িয়ে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে।
কিছু সংবাদে তাকে ‘কথিত স্ত্রী’ আবার কোথাও সরাসরি ‘স্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়- যা সম্পূর্ণ অসত্য বলে দাবি করেছেন এই অভিনেত্রী।
আরও পড়ুন
রোববার (২১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় ববি বলেন, কিছু গণমাধ্যম ভিউ বাড়ানোর উদ্দেশ্যে তার ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন করে এমন সংবাদ প্রকাশ করেছে। তিনি বলেন, এটি একটি পরিকল্পিত অপপ্রচার, যার মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, গণমাধ্যমের প্রতি তার আস্থা থাকলেও কিছু অসত্য ও যাচাইবিহীন খবর তার ভাবমূর্তি নষ্ট করেছে। এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, কোনো ধরনের বৈবাহিক সম্পর্ক বা ব্যক্তিগত সম্পৃক্ততা ছাড়াই তার নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি দাবি করেন, যদি ভবিষ্যতে তার ব্যক্তিগত জীবনের কোনো সত্য ঘটনা থাকে, তা তিনি নিজেই প্রকাশ করবেন।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই বক্তব্যে ববি স্পষ্ট করেন যে, তাকে নিয়ে ছড়ানো সংবাদগুলো তার সম্মান ও ব্যক্তিগত গোপনীয়তার ওপর আঘাত করেছে।
উল্লেখ্য, ইয়ামিন হক ববি সর্বশেষ বড় পর্দায় দেখা গেছেন ঈদে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘তছনছ’-এ। ছবিতে তার বিপরীতে অভিনয় করেন অভিনেতা মুন্না খান।
এএডি/