বয়স মাত্র ১৫ বছর। এই বয়সেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশী। ভারতের এই বিস্ময়বালক এবার লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড গড়ে আলোচনায় উঠে এসেছেন।
শ্রীলঙ্কার ডাম্বুলায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে মাত্র ১১ বলে অর্ধশতক পূর্ণ করেন ভারতের এই তরুণ ওপেনার। এর মাধ্যমে ২০০৫ সালে শ্রীলঙ্কার কৌশল্য বীরারত্নের গড়া ১২ বলে ফিফটির রেকর্ড ভেঙে দেন তিনি।
ফিফটির পথে বৈভবের ব্যাট থেকে আসে আগ্রাসী সব শট। প্রথম ১১ বলে তিনি পাঁচটি ছক্কা ও কয়েকটি চার হাঁকিয়ে মাত্র একটি ডট বল খেলেন। শুরু থেকেই লঙ্কান বোলারদের ওপর চড়াও হয়ে ওঠেন এই কিশোর।
শুধু দ্রুততম ফিফটিতেই থামেননি বৈভব। সেঞ্চুরির দিকেও দুর্দান্ত গতিতে এগোচ্ছিলেন তিনি। তবে ২৯ বলে ৯৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে সাহান আরাচ্চিগের বলে মিড-অফে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। ইনিংসজুড়ে তিনি মারেন ১০টি চার ও ৮টি ছক্কা।
সময়ের আলো/আআ