আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেত্রী আসমা আক্তার ঝিলিকের স্বামী সাফিউল্লাহ ওরফে মহব্বতের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।
রোববার (২১ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামির পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী আবুল কালাম আজাদ, মো. মঞ্জুর আলম, আনোয়ারুল কবীর বাবুল, জাকারিয়া হায়দার ও মিজানুর রহমান। শুনানি শেষে বিচারক আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ জামিন আবেদন নামঞ্জুর করেন।
প্রসিকিউশন বিভাগের এসআই আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ১৪ জুন এক দিনের রিমান্ড শেষে সাফিউল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, গত ১০ জুন ভোরে সাফিউল্লাহ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে সরকারি কর্মচারী হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও সেখানে শয্যা খালি না থাকায় তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে অবস্থানকালে স্বামীর দেখাশোনার দায়িত্বে ছিলেন ঝিলিক।
শুক্রবার সকালে স্বজনরা হাসপাতালে এসে সাফিউল্লাহর সঙ্গে দেখা করেন। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় ঝিলিক পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে হাসপাতালের বিল পরিশোধের জন্য অর্থ পাঠানোর অনুরোধ জানান।
অভিযোগে আরও বলা হয়, দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলে কথা বলার কিছু সময় পরই দুর্ঘটনার খবর আসে। পরে সাফিউল্লাহ ফোন করে ঝিলিকের পরিবারকে জানান, তিনি হাসপাতালের ভবনের একটি খোলা বারান্দা থেকে নিচে পড়ে গেছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ঝিলিকের বড় ভাই মোজাম্মেল হক ধানমন্ডি মডেল থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ সাফিউল্লাহকে গ্রেপ্তার করে।
সময়ের আলো/এসএক