ঝালকাঠিতে যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগের চার নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (২২ জুন) সদর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।
আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বিশৃঙ্খলা ঘটানোর আশঙ্কায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো নবগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য (বাউকাঠি) তছলিম হোসেন মৃধা, পোনাবালিয়া ইউনিয়ন কৃষকলীগ সভাপতি সাইদুর রহমান ওরফে শাহিন আকন, নথুল্লাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল মৃধা ও সরকারী কলেজ ছাত্রলীগ নেতা সিয়াম তালুকদার। রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে এদেরকে আদালতে সোপর্দ করা হয়। আদালত এদের কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।
সদর থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। ২৩জুন আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়েছে।
রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করলে আদালত আসামীদের কারাগারে প্রেরণের নির্দেশ দেয়, বলেও জানান তিনি।
সময়ের আলো/আতা