রাশিয়ায় অর্থ পাঠাতে চীনের ব্যাংকিং সহযোগিতা চাইতে পারে বাংলাদেশ

এমএকে জিলানী

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার মালয়েশিয়া সফর শেষে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (বুঙ্গা রায় কমপ্লেক্স) থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে চীনের

2026-06-23T00:38:24+00:00
2026-06-23T00:38:24+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
জাতীয়
রাশিয়ায় অর্থ পাঠাতে চীনের ব্যাংকিং সহযোগিতা চাইতে পারে বাংলাদেশ
এমএকে জিলানী
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১২:৩৮ এএম 
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার মালয়েশিয়া সফর শেষে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (বুঙ্গা রায় কমপ্লেক্স) থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হন। তার চীন সফরে রাশিয়ার সঙ্গে ব্যাংকিং প্রক্রিয়ায় অর্থ পাঠানো নিয়ে আলাপ হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

সূত্রগুলো বলছে, বিশ্বের এক দেশের ব্যাংক থেকে অন্য দেশের ব্যাংকে নিরাপদে ও দ্রুত টাকা পাঠানোর বা বার্তা দেওয়ার আন্তর্জাতিক কমিউনিকেশন চ্যানেলকে বলা হয় সুইফট। রাশিয়ার ক্ষেত্রে এই সুইফটের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। ফলে চাইলেই এই মাধ্যমে রাশিয়ার সঙ্গে ব্যাংকিং প্রক্রিয়ায় অর্থ পাঠানো যায় না। কয়েক বছর আগে (গত রাজনৈতিক সরকারের সময়ে) বাংলাদেশ চীনা ব্যাংকের মাধ্যমে রাশিয়ার অর্থ পরিশোধের চেষ্টা করেছিল। কিন্তু এই মাধ্যমে অর্থ পরিশোধে চীনা খরচ বেশিসহ নানান কারণে উদ্যোগটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। প্রধানমন্ত্রীর চলমান চীন সফরে বিষয়টি আবার আলোচনার টেবিলে উঠতে পারে। বাংলাদেশ রাশিয়ার অর্থ পরিশোধের বিষয়টি আলোচনায় তুলে আবারও চীনের সহযোগিতায় রাশিয়ায় অর্থ পাঠাতে চীনের ব্যাংকিং সহযোগিতা চাইতে পারে বাংলাদেশ


প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম গত শনিবার মন্ত্রণালয়ে ব্রিফ করেন। ওই ব্রিফে দৈনিক সময়ের আলোর এই প্রতিবেদক জানতে চান, প্রধানমন্ত্রীর চীন সফরে রাশিয়ার সঙ্গে ব্যাংকিং প্রক্রিয়ায় অর্থ পাঠানো নিয়ে আবার আলাপ হবে কি না? জবাবে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, হতে পারে।

সাবেক রাষ্ট্রদূত কামরুল আহসান বলেন, বিশ্বের বড় বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে রাশিয়া অন্যতম। বাংলাদেশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাশিয়ার মাধ্যমে বাস্তবায়ন করছে। এ ছাড়া রাশিয়া থেকে জ্বালানি সংগ্রহেরও সুযোগ আছে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে অর্থ পরিশোধ। মার্কিন নিষেধাজ্ঞার কারণে অর্থ পরিশোধ করা যাচ্ছে না। কয়েক বছর আগে চীনা ব্যাংকের মাধ্যমে এই অর্থ পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু চার্জ বেশিসহ নানান জটিলতা থাকায় শেষ পর্যন্ত তা আর বাস্তবায়ন হয়নি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দুই দেশের মধ্যে মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রটোকলসহ মোট ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার কথা রয়েছে। সফরকালে তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে। আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন। ২৬ জুন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সময়ের আলো / আরবিএন 




  বিষয়:   রাশিয়া  চীন  বাংলাদেশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: