নওগাঁর পতাড়ী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জন বাংলাভাষীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দিবাগত ভোররাতে সীমান্তের শূন্যরেখায় এ ঘটনা ঘটে।
নওগাঁ বিজিবি-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, ভোররাতের দিকে আদাতলা বিওপির (বর্ডার আউটপোস্ট) আওতাধীন পতাড়ী সীমান্ত এলাকার ৪৪ নম্বর মেইন পিলারের কাছে কিছু মানুষকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে বিজিবির টহল দল। তাৎক্ষণিকভাবে তাদের শূন্যরেখায় আটকে দেয় বিজিবি। পরবর্তীতে জানা যায়, তারা ভারতের অভ্যন্তরের বাংলাভাষী নাগরিক। ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা তাদের জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা করছিল। এই ৯ জনের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।
বিজিবি অধিনায়ক আরও জানান, পুশইনের শিকার হওয়া ব্যক্তিরা এখনো সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। অনুপ্রবেশ ঠেকাতে ওই এলাকায় বিজিবির কড়া প্রহরা ও নজরদারি জোরদার করা হয়েছে।
সময়ের আলো/জোই