চলতি জুন মাসের প্রথম ২৩ দিনে দেশে ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৭ হাজার কোটি টাকারও বেশি। এই হিসাবে জুনের প্রতিদিন গড়ে দেশে ৯ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
বুধবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে (জুনের প্রথম ২৩ দিনে) দেশে ২২০ কোটি ৯০ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। সেই তুলনায় এবার বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
সবমিলিয়ে চলতি অর্থবছরের জুলাই থেকে গত মঙ্গলবার (২৩ জুন) পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৪৯৯ কোটি ৫০ লাখ ডলার। যেখানে ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে দেশে মোট ২ হাজার ৯৭১ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। অর্থাৎ, গত অর্থবছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স বেড়েছে ১৭ দশমিক ৮০ শতাংশ।
এর আগে, সদ্য সমাপ্ত মে মাসে দেশে ২৯৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ছিল প্রায় ৩৬ হাজার ২৩৪ কোটি টাকা। এটি দেশের ইতিহাসে এক মাসে আসা দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।
সময়ের আলো/আরবিএন