লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭২ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৫টা ১৮ মিনিটে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-এর যৌথ সহযোগিতায় তাদের প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে।
জানা গেছে, প্রত্যাবাসিতদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার আশায় মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে গিয়ে অনেকেই অপহরণ, নির্যাতন ও মানবেতর জীবনযাপনের শিকার হন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-এর কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। একইসঙ্গে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিজেদের ভয়াবহ অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানানো হয়।
প্রত্যাবাসনের পর আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রত্যেককে পথখরচা, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থা করেছে।
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।
সময়ের আলো/আরবিএন