‘হায় হোসেন’ মাতমে মুখর পুরান ঢাকা, হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

১০ মহররম, পবিত্র আশুরা। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য এক গভীর শোকের ও বেদনাবিধুর দিন। ৬১ হিজরির কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ

2026-06-26T14:03:40+00:00
2026-06-26T14:04:28+00:00
 
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ২৬ জুন ২০২৬
জাতীয়
‘হায় হোসেন’ মাতমে মুখর পুরান ঢাকা, হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ২:০৩ পিএম  আপডেট: ২৬.০৬.২০২৬ ২:০৪ পিএম
ছবি : সংগৃহীত
১০ মহররম, পবিত্র আশুরা। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য এক গভীর শোকের ও বেদনাবিধুর দিন। ৬১ হিজরির কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেন (রা.) ও তার পরিবারের সদস্যদের মর্মান্তিক ও ঐতিহাসিক শাহাদাত বরণের স্মরণে শুক্রবার (২৬ জুন) রাজধানী ঢাকায় শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল শুরু হয়েছে।

আজ সকাল ১০টার কিছু সময় পর পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে এই মূল তাজিয়া মিছিলটি বের করা হয়। কালো পোশাক পরিহিত হাজারো শোকাহত মানুষের ‘হায় হোসেন, হায় হোসেন’ এবং ‘ইয়া হোসেন’ ধ্বনি ও বুক চাপড়ে মাতমের কান্নায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। কেবল কোভিড-১৯ মহামারির সময় স্বাস্থ্যবিধির কারণে এই মিছিল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, তা ছাড়া প্রতি বছরই এই ঐতিহ্যবাহী শোক মিছিল অনুষ্ঠিত হয়ে আসছে।

আজ সকাল থেকেই পুরান ঢাকা ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে শিশু, নারীসহ নানা বয়সী মানুষ মিছিলে অংশ নিতে হোসেনি দালান প্রাঙ্গণে ভিড় জমান। শোকের প্রতীক হিসেবে অধিকাংশের পরনেই রয়েছে কালো পোশাক। অনেকের হাতে দেখা গেছে কারবালার স্মারক সংবলিত বিভিন্ন নিশান, আলম, দুলদুল ঘোড়ার প্রতীক, পাঞ্জাসহ নানা ধর্মীয় প্রতীক।

হোসেনি দালান ইমামবাড়া থেকে শুরু হওয়া এই প্রধান তাজিয়া মিছিলটি বকশীবাজার, উর্দু রোড, লালবাগ, আজিমপুর, নীলক্ষেত, নিউমার্কেট, সায়েন্স ল্যাব ও জিগাতলা হয়ে ধানমণ্ডি লেকের প্রতীকী ‘কারবালা’ প্রাঙ্গণে গিয়ে শেষ হবে. সেখানে প্রতীকী তাজিয়া বিসর্জনের মধ্য দিয়ে দিনের মূল কর্মসূচির সমাপ্তি ঘটবে।

মিছিলে অংশ নেওয়া সৈয়দ রেজা নামের এক ব্যক্তি বলেন, ‘কারবালার ঘটনা আমাদের অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার শিক্ষা দেয়, ইয়া হোসেন, হায় হোসেন’ ধ্বনির মধ্য দিয়ে আমরা সেই আত্মত্যাগের স্মৃতি ধারণ করি।’ আরেকজন অংশগ্রহণকারী মুহাম্মদ হোসেন রাজ বলেন, ‘পবিত্র আশুরা আমাদের জন্য শোকের পাশাপাশি সত্য, ন্যায় ও ত্যাগের শিক্ষা বহন করে. শুধু শিয়া সম্প্রদায় নয়, সুন্নি মুসলিমদের অনেকেই আমাদের এই শোক মিছিলে অংশ নেন।’

মিছিল শেষে বাদ জুমা হোসেনি দালানে ‘ফাকা শিকানি’ নামে পরিচিত বিশেষ শিরনি বিতরণ করা হবে। এছাড়া সন্ধ্যা নামলেই শুরু হবে ‘শামে গারিবা’ বা বিপন্ন সন্ধ্যা নামের বিশেষ মজলিশ। এ সময় কারবালার সেই রুদ্ধশ্বাস ও মর্মন্তুদ রাতটির স্মরণে ইমামবাড়ার সব আলো নিভিয়ে অন্ধকার করে বিশেষ শোক পালন করা হবে।

হোসেনি দালান ছাড়াও রাজধানীতে প্রায় ৩০টি ছোট-বড় ইমামবাড়া রয়েছে। মহররম উপলক্ষে বড় কাটারা ইমামবাড়া, মোহাম্মদপুরের শিয়া মসজিদ সংলগ্ন ইমামবাড়া, পুরানা পল্টন ইমামবাড়া এবং মগবাজার ইমামবাড়ায়ও দিনব্যাপী পৃথক তাজিয়া মিছিল, মজলিশ এবং বিশেষ ধর্মীয় কর্মসূচি পালিত হচ্ছে।

তাজিয়া মিছিলকে কেন্দ্র করে রাজধানীর পুরান ঢাকা ও ধানমণ্ডি এলাকায় কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলেছে প্রশাসন। মিছিলের সামনে ও পেছনে পুলিশ, র‍্যাব এবং পুলিশের এলিট ফোর্স সোয়াটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। পাশাপাশি মিছিলের রুটগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের সদস্যরাও অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছেন।


সময়ের আলো/কহু


  বিষয়:   তাজিয়া মিছিল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: