বাংলাদেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা ও ডিজিটাল সুরক্ষা জোরদার করতে রাজধানীতে শুরু হয়েছে দেশের অন্যতম বৃহৎ সাইবার সিকিউরিটি সম্মেলন ‘ফিনিক্স সামিট ২০২৬’।
শুক্রবার (২৬ জুন) ‘ক্লোজিং দ্য সাইবার গ্যাপ ইন ইমার্জিং ইকোনোমিস’ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) ৫ দিনব্যাপী এই সামিটের মূল কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সরকারি নীতিনির্ধারক, প্রযুক্তি গবেষক এবং দেশ-বিদেশের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সাইবার সিকিউরিটি বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আইটি ও সাইবার নিরাপত্তা নিয়ে আমাদের সরকারের নানা পরিকল্পনা রয়েছে, যা আমরা ধীরে ধীরে বাস্তবায়ন করব।
দ্য টিম ফিনিক্স গ্রুপের (টিটিপিজি) উদ্যোগে এবং ব্র্যাক ব্যাংক পিএলসি-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই সম্মেলনে ১০ হাজারেরও বেশি প্রতিযোগী ও দর্শনার্থী অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা। দ্য টিম ফিনিক্স গ্রুপের ফাউন্ডার ও চিফ অব রিসার্চ এএসএম শামীম রেজা জানান, সরকার, শিল্পখাত ও সাইবার বিশেষজ্ঞদের এক প্ল্যাটফর্মে এনে দেশের ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষা করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
উল্লেখ্য, গত ২৩ জুন থেকে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে সম্মেলনটির কারিগরি কর্মশালা শুরু হয়। এতে ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির (এনসিএসএ) সহযোগিতায় 'সাইবার ইনভেস্টিগেশন' ও 'র্যানসামওয়্যার প্রতিরোধ' সহ বিভিন্ন বিষয়ে পেশাদারদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
আগামীকাল ২৭ জুন বিকেল ৪টা ৩০ মিনিটে এই সামিটের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত থাকবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আইসিটি বিভাগসহ দেশের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় ব্যাংক ও প্রতিষ্ঠান এই আয়োজনে সহযোগিতা করছে।
সময়ের আলো/জোই