কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একটি পণ্যবাহী ট্রাকের হেলপার নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার (২৭ জুন) রাতে চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা নতুন রাস্তা এলাকায় পরপর তিনটি পণ্যবাহী যানবাহনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর তিনটি গাড়ির চালকই ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
নিহত সিয়াম (২৫) ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
এ সংঘর্ষে ট্রাকের হেলপার সিয়ামসহ ট্রাকে থাকা আরও দুইজন গুরুতর আহত হন। এর কিছুক্ষণ পর একই দিক থেকে আসা আরেকটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটির পেছনে ধাক্কা দিলে ট্রাকটির পেছনের অংশও ক্ষতিগ্রস্ত হয়।
পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে থানার ওসি রুহুল আমিন জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। রেকারের মাধ্যমে দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
সময়ের আলো/এসএকে