মালদ্বীপে মেজবাহ উদ্দিন নামে প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে রাজধানী মালের সিট্রন বাই লেমনগ্রাস কোম্পানির স্টাফ কোয়ার্টার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন একই প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী বাংলাদেশি কবির আহমেদ।
মেজবাহ উদ্দিনের বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলায়।
কবির আহমেদ জানান, মেজবাহ উদ্দিন সহকর্মীদের সঙ্গে স্টাফ কোয়ার্টারে বসবাস করতেন। রাতে তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে সহকর্মীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানী মালের একটি হাসপাতালে পাঠায়।
নিহতের মামা মো. জহিরুল ইসলাম জানান, জীবিকার সন্ধানে চলতি বছরের ফেব্রুয়ারিতে মেজবাহ মালদ্বীপে যান। তিনি ব্যক্তিগত ও মানসিক চাপে ছিলেন বলে পরিবারের ধারণা। তবে, মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে তারা নিশ্চিত নন। মালদ্বীপ পুলিশের আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন বলে জানান তারা।
বর্তমানে মেজবাহ উদ্দিনের মরদেহ রাজধানী মালের একটি হাসপাতালে রয়েছে। তার পরিবার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এদিকে, মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, প্রবাসী বাংলাদেশির মৃত্যু অত্যন্ত দুঃখজনক। হাইকমিশন বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে এবং তদন্তের অগ্রগতি জানতে মালদ্বীপের সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে। পাশাপাশি মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়ায় পরিবারকে সহায়তা করা হচ্ছে।
সময়ের আলো/মহু