গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের নাগরিকদের বাড়ির আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন। তাই ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ থেকে বাঁচতে সবাই নিজেদের ঘরবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখুন।
শনিবার (২৭ জুন) তিনি গণপূর্ত অধিদফতরের আওতাধীন জিগাতলা, সোবহানবাগ, কলাবাগান এলাকা সহ বিভিন্ন এলাকার সরকারি কোয়ার্টারসমূহ পরিদর্শন করেন।
এ সময় তিনি কোয়ার্টারে বসবাসকারীদের সহ কোয়ার্টার পরিচালনার জন্য নির্বাচিত কমিটির সদস্যদের সাথে আলাপ করে কোয়ার্টার পরিষ্কার রাখতে সবাইকে ভূমিকা রাখার অনুরোধ করেন।
তিনি বলেন, সপ্তাহে অন্তত একদিন কোয়ার্টারে বসবাসকারী সবাই নিজ দায়িত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। এই কাজে তাদের সাথে সংশ্লিষ্ট গণপূর্ত অধিদফতরের কর্মকর্তা - কর্মচারীরাও পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণসহ তাদের পূর্ণ সহযোগিতা প্রদান করবেন বলে আশ্বস্ত করেন।
এরই ধারাবাহিকতায় জিগাতলাস্থ স্টাফ কোয়ার্টার কমিটি এবং গণপূর্ত অধিদফতরের কর্মকর্তা-কর্মচারিদের যৌথ প্রচেষ্টায় জিগাতলা কোয়ার্টার পরিষ্কার করা হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালীন মাঠে খেলাধুলা করা শিশুরা স্বতঃস্ফূর্ত ও উৎসাহী অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে আসে।
এ সময় কোয়ার্টারের বাসিন্দাদের কাছে ডেংগু ও চিকনগুনিয়া থেকে সাবধান থাকা এবং কোয়ার্টার পরিচ্ছন্ন রাখার নির্দেশনাসহ লিফলেট হস্তান্তর করা হয়েছে। কোয়ার্টার পরিষ্কার রাখার জন্য কমিটির কাছে প্রয়োজনীয় সংখ্যক ডাস্টবিনও হস্তান্তর করা হয়েছে।
সময়ের আলো/আআ