২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর উরুগুয়ে দলের জন্য বরাদ্দ চার্টার্ড বিমান বাতিল করেছে দেশটির সরকার। ফলে ফুটবলাররা আর একসঙ্গে দেশে ফিরতে পারছেন না; নিজেদের খরচে বাণিজ্যিক ফ্লাইটে আলাদাভাবে উরুগুয়েতে ফিরতে হচ্ছে তাদের।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ থেকে প্রত্যাশার চেয়ে অনেক আগেই ছিটকে পড়ায় সরকার চার্টার্ড ফ্লাইটের অনুমোদন প্রত্যাহার করে নেয়। এর ফলে খেলোয়াড় ও কোচিং স্টাফদের বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফেরার ব্যবস্থা করতে হয়েছে।
এদিকে, স্পেনের বিপক্ষে শেষ ম্যাচের আগে কৌশল ও অনুশীলন পদ্ধতি নিয়ে খেলোয়াড়দের সমালোচনার মুখে পড়েছিলেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা। দলের বিদায়ের পর সংবাদ সম্মেলনেও হতাশা লুকাতে পারেননি এই আর্জেন্টাইন কোচ।
বিয়েলসা বলেন, ‘উরুগুয়ের ফুটবলের জন্য আমি কিছুই রেখে যেতে পারিনি। কোনো কোচ তিন বছর কাজ করলেও যদি প্রত্যাশিত ফল না আসে, তাহলে সেই কাজের মূল্যায়ন হয় না।’
তিনি আরও বলেন, ‘বিশ্বকাপ বাছাইপর্বে চতুর্থ হওয়া কিংবা কোপা আমেরিকায় তৃতীয় স্থান অর্জন— শেষ পর্যন্ত কোনো কিছুরই মূল্য থাকল না। এই বিশ্বকাপের ফলাফলই সবাই মনে রাখবে।’
বিশ্বকাপে কোনো দলের কোচ হিসেবে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার ঘটনা বিয়েলসার ক্যারিয়ারে এটি দ্বিতীয়বার। এর আগে ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপানে অনুষ্ঠিত বিশ্বকাপে তার অধীনে আর্জেন্টিনাও প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল। তবে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে চিলিকে শেষ ষোলোতে তুলে নিজের সেরা বিশ্বকাপ সাফল্য পেয়েছিলেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা।
সময়ের আলো/কেএইচও