নিখোঁজের ৫০ দিন পর রান্নাঘরের ১০ ফুট নিচ থেকে মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিখোঁজের দীর্ঘ ৫০ দিন পর আওলাদ হোসেন (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের এক আত্মীয়ের

2026-07-01T12:48:53+00:00
2026-07-01T12:48:53+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নিখোঁজের ৫০ দিন পর রান্নাঘরের ১০ ফুট নিচ থেকে মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১২:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিখোঁজের দীর্ঘ ৫০ দিন পর আওলাদ হোসেন (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের এক আত্মীয়ের বাড়ির রান্নাঘরের মেঝে খুঁড়ে প্রায় ১০ ফুট মাটির নিচ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) রাতে উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামে এই চাঞ্চল্যকর অভিযান চালানো হয়। নিহত আওলাদ হোসেন ওই গ্রামের মৃত ফরিদ শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ মে থেকে আওলাদ হোসেন নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার নিখোঁজের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। কোনো খোঁজ না পেয়ে গত ২৩ মে নিহতের ভাই আব্দুল আউয়াল শেখ সিরাজদিখান থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

দীর্ঘদিন তদন্তের পর পুলিশ গোপন সূত্রে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পায়। সেই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে আওলাদ হোসেনের ভায়রা (স্ত্রীর বোনের স্বামী) খায়ের ব্যাপারীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে রান্নাঘরের মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় আওলাদ হোসেনের গলিত মরদেহ উদ্ধার করা হয়।


হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে। আটককৃতরা হলেন, চাইনপাড়া গ্রামের মানিক বেপারী (৪০), একই গ্রামের বিন আমিন (৩৬), রিপন (৩০), রংপুরের রাজেন্দ্রপুর গ্রামের সাইফুল ইসলাম (৩৮)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তথ্যমতে, ব্যক্তিগত জীবনে আওলাদ হোসেন দুটি বিয়ে করেছিলেন। বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে সম্পত্তি ও অর্থ নিয়ে পারিবারিক কোন্দল চলছিল।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি— টাকা-পয়সা, স্বর্ণালংকার এবং পারিবারিক সম্পত্তির বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার পেছনে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজের এত দিন পর নিজ গ্রামেই হত্যাকাণ্ডের খবর প্রকাশ পাওয়ায় পুরো এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সময়ের আলো/জোই



  বিষয়:   নিখোঁজ  রান্নাঘর  মরদেহ উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: