পটুয়াখালীর দুমকিতে একটি পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১১ জন আহত করা সেই জলাতঙ্ক আক্রান্ত কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নিরাপত্তা কর্মীরা।
বুধবার (১ জুলাই) বেলা সাড়ে ১২ টায় কুকুরটি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করে এক শিক্ষার্থী ও এক আনসার সদস্যকে কামড় দেওয়ার চেষ্টা করলে নিরাপত্তা কর্মী ও আনসার সদস্যরা ধাওয়া দিয়ে পিটিয়ে মেরে ফেলে।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় কুকুরটির আক্রমণে আহতরা চিকিৎসার জন্য দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হয়।
এছাড়া আরও অন্তত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
আহতরা হলেন দুমকি উপজেলার আরাবী (৫), জিদান (৬) ও মুবিন (৮), বগা এলাকার মুরসালিন (৯), জলিশা এলাকার তাইবা (৫) ও নিঝুম (১১)সহ মোট ১১ জন। হাসপাতালে আসা আহতদের মধ্যে বেশিরভাগই ছিল শিশু।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্য জাহিদুল ইসলাম জানান, কুকুরটি গতকালকে থেকে ১১ জনকে কামড়ে আহত করেছে। কুকুরটি বিশ্ববিদ্যালয়ের ভিতর ঢুকে এক শিক্ষার্থী ও আমাদের এক সহকর্মী আনসার সদস্যকে কামড় দেওয়ার চেষ্টা করলে আমরা ধাওয়া দিয়ে কুকুরটিকে মেরে ফেলতে সক্ষম হই।
সময়ের আলো/আতা