সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। সকাল ১০টায় লিখিত পরীক্ষা শুরু হলেও নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রে প্রবেশ করতে পারেন।
বৃহস্পতিবার (২ জুলাই) প্রথম দিনের পরীক্ষায় যানজট ও অনাকাঙ্ক্ষিত বিলম্ব এড়াতে অনেকেই নির্ধারিত সময়ের আগেই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হন।
রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, পরীক্ষার্থীরা প্রবেশের আগে অ্যাডমিট কার্ড ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করছেন। কেউ কেউ শেষ মুহূর্তে বই-নোট দেখে প্রস্তুতিও নিচ্ছিলেন। কেন্দ্রের বাইরে অভিভাবকদেরও উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।
এবার পরীক্ষাকেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। প্রবেশমুখে তল্লাশি, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি, সিসিটিভি নজরদারি এবং কেন্দ্রভিত্তিক কঠোর পর্যবেক্ষণের মধ্য দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এবার ৭৭টি বিষয়ে ২১ দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাধারণ ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হবে এবং ১৫ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা চলবে। কারিগরি শিক্ষা বোর্ডের তাত্ত্বিক পরীক্ষা জুলাই ও আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে অংশ নিচ্ছে।
সময়ের আলো/এসএকে