সরকারি ব্যবস্থাপনায় জর্ডানের বিখ্যাত পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘টাস্কার অ্যাপারেলস’-এ ১৩১ জন দক্ষ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করে আগামী ৩ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য সরাসরি সাক্ষাৎকার ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বলা হয়েছে।
বোয়েসেল সূত্রে জানা গেছে, নির্বাচিত প্রার্থীদের কারখানায় শ্রমিক পদে নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীদের প্লেইন মেশিন ও ওভারলক মেশিন পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।
নিয়োগপ্রাপ্ত কর্মীরা মাসিক ২২ হাজার ৫০০ টাকা মূল বেতন পাবেন। দৈনিক ৮ ঘণ্টা এবং সপ্তাহে ৬ দিন কাজ করতে হবে। এর পাশাপাশি অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম (ভাতা) সুবিধা থাকবে। প্রাথমিকভাবে চাকরির মেয়াদ হবে তিন বছর, যা পরবর্তীতে নবায়নযোগ্য।
নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীদের বিনামূল্যে আবাসন, খাবার, প্রাথমিক চিকিৎসা এবং কর্মস্থলে যাতায়াতের ব্যবস্থা করবে। এ ছাড়া বাংলাদেশ থেকে জর্ডানে যাওয়ার বিমানভাড়া এবং ৩ বছর চাকরি শেষে দেশে ফেরার বিমানভাড়াও কোম্পানি বহন করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জর্ডানের টাস্কার অ্যাপারেলস-এ পূর্বে কর্মরত ছিলেন এমন দক্ষ কর্মীরাই মূলত পুনরায় আবেদনের সুযোগ পাবেন। তবে বাংলাদেশ বা জর্ডানে কোনো ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তি নিয়োগের জন্য বিবেচিত হবেন না। যাদের একাধিক পাসপোর্ট রয়েছে, তাদের সাক্ষাৎকারের সময় সবগুলো পাসপোর্ট সঙ্গে আনতে হবে। যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে ফিরে আসা দক্ষ কর্মীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
নির্বাচিত কর্মীদের নিয়োগ-সংক্রান্ত সিংহভাগ ব্যয় সংশ্লিষ্ট কোম্পানি বহন করবে। প্রার্থীদের শুধু মেডিকেল পরীক্ষার জন্য ১ হাজার টাকা এবং পিডিও প্রশিক্ষণ ও ফিঙ্গারপ্রিন্ট বাবদ ২২০ টাকা খরচ করতে হবে। ভিসা পাওয়ার পর জর্ডান যাত্রার ঠিক পূর্বমুহূর্তে নিয়োগকারী কোম্পানি বোয়েসেলকে সার্ভিস চার্জের অর্থ পরিশোধ করবে।
আগামী ৩ জুলাই (শুক্রবার) সকাল ৮টায় ঢাকার মিরপুরের দারুস সালাম রোডে অবস্থিত ‘মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’-এ সরাসরি সাক্ষাৎকার ও ব্যবহারিক পরীক্ষা (ট্রেড টেস্ট) অনুষ্ঠিত হবে।
আগ্রহী প্রার্থীদের ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মূল পাসপোর্ট এবং পাসপোর্টের প্রয়োজনীয় ফটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে। উল্লেখ্য, কোনো জীবনবৃত্তান্ত বা বায়োডাটা সঙ্গে আনার প্রয়োজন নেই।
বোয়েসেল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, অনলাইনে আবেদন ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অনলাইনে আবেদন করলেই সাক্ষাৎকার বা চাকরি পাওয়ার নিশ্চয়তা মিলবে না; চূড়ান্ত নির্বাচনের জন্য প্রার্থীদের অবশ্যই ট্রেড টেস্টে উত্তীর্ণ হতে হবে। বোয়েসেলের কোনো এজেন্ট বা সাব-এজেন্ট নেই। পুরো প্রক্রিয়া বোয়েসেল নিজস্ব ব্যবস্থাপনায় সম্পূর্ণ স্বচ্ছতার সাথে সম্পন্ন করবে। তাই নিয়োগের নামে কোনো ব্যক্তিকে নগদ অর্থ প্রদান না করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
সময়ের আলো/কহু