ফুটবল জগতের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকে ঘিরে ভক্তদের ভালোবাসার শেষ নেই। আর্জেন্টাইন এই মহাতারকাকে একবার কাছ থেকে দেখার স্বপ্ন দেখেন বিশ্বের কোটি কোটি সমর্থক। এবার সেই স্বপ্ন সত্যি হতে যাচ্ছে ৮ বছর বয়সী এক শিশুর। তিনি মেসির জন্মদিনে একটি আবেগঘন চিঠি লিখে সম্প্রতি আলোচনায় এসেছে।
ম্যানু লিটউই নামের ওই শিশুটি গত ২৪ জুন মেসির ৩৯তম জন্মদিন উপলক্ষে একটি হৃদয়ছোঁয়া চিঠি লিখেছিল। চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর তার জীবনে আসে বড় এক চমক। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’-র প্রতিবেদনে জানানো হয়েছে, ম্যানু এবার বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ মাঠে বসে দেখার সুযোগ পাচ্ছে। পরশু মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
‘ও গ্লোবো’ গত রাতে মেসির উদ্দেশে লেখা ম্যানুর সেই চিঠি প্রকাশ করে। আর্জেন্টিনার টেলিভিশন চ্যানেল ওল্গা-র ‘সিরি আ ইনক্রেডিবল’ অনুষ্ঠানে একটি পোস্টারের মাধ্যমে মেসির উদ্দেশে লেখা বার্তাটি সবার সামনে তুলে ধরে ম্যানু। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের সামনে সে চিঠিটি পড়ে শোনায়।
পালের্মোর স্টুডিওর বাইরে দাঁড়িয়ে ম্যানু বলেছিল, ‘প্রিয় লিও, আজ তোমার জন্মদিন বলে তোমাকে একটি চিঠি লিখেছি। আশা করি এটি তোমার হাতে পৌঁছাবে। দিনটি শেষ হওয়ার আগে তোমাকে বলতে চেয়েছিলাম, তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ।’
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর একটি প্রতিষ্ঠান ম্যানুর পরিবারের সঙ্গে যোগাযোগ করে। এরপর আসে আরও বড় সুখবর। অনুষ্ঠানের উপস্থাপিকা পাউলা চাভেস ম্যানুর উদ্দেশে লেখা একটি নতুন চিঠি পড়ে শোনান।
চিঠিতে লেখা ছিল, ‘আজ থেকে তুমি আর একা স্বপ্ন দেখবে না। আমরা তোমার জীবনের পরবর্তী অধ্যায়ে তোমার পাশে থাকতে চাই। আমাদের পক্ষ থেকে তোমাকে এবং তোমার পুরো পরিবারকে আজই যুক্তরাষ্ট্রে যাওয়ার আমন্ত্রণ জানানো হচ্ছে, যাতে তুমি জীবনের প্রথম বিশ্বকাপের অভিজ্ঞতা অর্জন করতে পারো।’
আর্জেন্টিনোস জুনিয়র্সের যুব দলে খেলা ম্যানু আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র সফর করে ২০২৬ সালের বিশ্বকাপ উপভোগ করার আমন্ত্রণ পেয়েছে। আর্জেন্টিনার একটি সুপরিচিত ব্র্যান্ড, যারা মেসির বাণিজ্যিক অংশীদার, তারাই ম্যানুর স্বপ্ন বাস্তবায়নে এই বিশেষ উদ্যোগ নিয়েছে।
মেসির জন্মদিনে লেখা চিঠিতে ম্যানু শুধু তার ফুটবল নৈপুণ্যেরই নয়, মানবিক গুণাবলিরও প্রশংসা করেছে। সে লিখেছে, ‘তোমাকে খেলতে দেখলে মনে হয় তুমি আর বল যেন এক হয়ে গেছ। এটা সত্যিকারের জাদুর মতো। তবে তোমার খেলার চেয়েও মানুষ হিসেবে তোমাকে বেশি ভালো লাগে। তুমি সব সময় সতীর্থদের সাহায্য করো এবং কঠিন সময়েও কখনো হাল ছেড়ে দাও না।’
আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে খেলা ম্যানুর স্বপ্ন একদিন পেশাদার ফুটবলার হওয়া। চিঠিতে সে আরও লিখেছে, ‘আমিও আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে ফুটবল খেলি। একজন পেশাদার ফুটবলার হওয়াই আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমি সেই স্বপ্নই দেখি। স্বপ্নেও তোমাকে কল্পনা করি। কারণ, তুমি প্রমাণ করেছ সবচেয়ে কঠিন স্বপ্নও একদিন সত্যি হতে পারে।’
আর্জেন্টিনার নকআউট পর্বের অভিযান এখনো শুরু হয়নি। পরশু মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে মাঠে নামবে দলটি। মেসির ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচকে ঘিরে ইতোমধ্যেই উৎসবের আবহ তৈরি হয়েছে। এবারের বিশ্বকাপে তিন ম্যাচে ৬ গোল করেছেন মেসি, যার মধ্যে আলজেরিয়ার বিপক্ষে রয়েছে একটি হ্যাটট্রিক। বিশ্বকাপ ইতিহাসে ১৯ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও এখন তার দখলে।
সময়ের আলো/ইউএমএইচ