গাজীপুরে লিথী গ্রুপের পাঁচটি ইউনিট একযোগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ওইসব প্রতিষ্ঠানে প্রায় আড়াই হাজার শ্রমিক কাজ করতো। একযোগে বন্ধ ঘোষণা করায় ওই শ্রমিকগুলো কর্মহীন হয়ে পড়েছে। বুধবার (১ জুলাই) থেকে বন্ধ কার্যকর করা হয়েছে। এদিন রাতে কারখানার পরিচালক মনিরুজ্জামান মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (৩০ জুন) কর্তৃপক্ষ কারখানার প্রধান ফটকে কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেয়। কারখানাটি গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় অবস্থিত।
লিথী গ্রুপের বন্ধ হওয়া পাঁচটি ইউনিটগুলো হলো এ্যাপারেল-২১ লি., ফমকম ফ্যাশন লি., ফমকম ডাইং লি., ফমকম প্রিন্টিং লি. এবং ফমকম নিটিং লি.। পরিবশেটাই এখন ব্যাংক সময়মতো অর্থাৎ যথাসময়ে সাপোর্ট পাওয়া যাচ্ছে না। কারখানা বন্ধ হলেও শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়া হয়নি। তবে কারখানা সংশ্লিষ্ট সকল বিভাগের কর্মকর্তা ও শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা করে সকলের মতামত এবং সমঝোতার মধ্যেই তাদের পাওনা পরিশোধ করা দেওয়া হবে বলে জানান তিনি।
কারখানা বন্ধের নোটিশে কর্তৃপক্ষ উল্লেখ করেন, গ্যাস কানেকশন বন্ধ থাকা, ক্রয়াদেশ কমে যাওয়া, ভবিষ্যতে ক্রয়াদেশের পূর্বাভাস না থাকা, বিগত বছরগুলোতে বার বার অযৌক্তিক শ্রম আন্দোলন হওয়া, পণ্যের বিক্রয় মূল্য উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়া, সময়মত ব্যাংকিং সহায়তা না পাওয়া। এসব কারণে নিয়মিত কারখানা বিশাল লোকসানের সম্মুখীন হয়ে আসছে। বর্তমানে মালিকের পক্ষে কারখানা পরিচালনা করার মত আর আর্থিক সামর্থ্য না থাকার কারণে প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব না হওয়ায় বুধবার (১লা জুলাই) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।
উল্লেখ্য, ভবিষ্যতে কারখানা চালু এবং ব্যবসা পরিচালনার অনুকূল পরিবেশ তৈরি হলে পূর্বের পুরানো দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেয়া হবে। সংশ্লিষ্ট সকল সংস্থা ও কর্তৃপক্ষের সাথে সমঝোতার সিদ্ধান্ত মোতাবেক বেতন ও পাওনাদি পরিশোধ করা হবে।
বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আকাশ আহম্মেদ বলেন, লিথী গ্রুপের সকল কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় হাজার হাজার শ্রমিক-কর্মচারীর ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে গেলো। দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে পোশাক শিল্পের মতো গুরুত্বপূর্ণ খাতের সংকট কাটাতে দ্রুত স্থায়ী সমাধান প্রয়োজন।
অপরদিকে, বুধবার (২৪ জুন) সকাল ১০টার দিকে লিথি গ্রুপের ফমকম ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকেরা বন্ধ কারখানা চালু ও বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। ওইদিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় কারখানার পাশে শ্রমিকরা মানববন্ধন করেন।
শ্রমিকেরা জানায়, আর্থিক সংকটের কারণ দেখিয়ে গত ৭ জুন থেকে ফমকম ফ্যাশন লিমিটেড কারখানা কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী বন্ধ ঘোষণা করে। এর আগে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের মে মাসের বেতন পরিশোধের জন্য ২৩ জুন তারিখ নির্ধারণ করেছিল। কারখানা কর্তৃপক্ষ ঘোষিত নির্ধারিত সময়ে বকেয়া বেতন পরিশোধ করতে পারেনি। এ ঘটনায় মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ, কারখানা পুনরায় চালু এবং তাদের সব পাওনাদি বুঝিয়ে দেওয়ার দাবি জানান।
তারা দাবি করেন, দীর্ঘদিন কারখানা বন্ধ থাকায় চরম আর্থিক সংকটে পড়েছেন শ্রমিকরা। নিয়মিত আয় বন্ধ হয়ে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। বকেয়া বেতন না পাওয়ায় তাদের দুর্ভোগ আরও বেড়েছে। সমস্যা সমাধানে মালিকপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।
গাজীপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক প্রকৌশলী এম. এম. মামুন-অর-রশিদ বলেন, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়ে দ্রুত সময়ের মধ্যে টঙ্গীতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কার্যালয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে শ্রমিকদের সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
সময়ের আলো/আতা