বিশ্বজুড়ে ফুটবল উন্মদনার মাঝেই প্রেমের গুঞ্জনে ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপে। তার সঙ্গে বারবার উঠে আসছে স্পেনের জনপ্রিয় অভিনেত্রী এস্টার এক্সপোসিতোর নাম। তারা গভীর সম্পর্কে জড়িয়েছেন- এমনটাই শোনা যাচ্ছে শোবিজ ও ক্রীড়াঙ্গনে। যদিও এমবাপে বা এস্টার কেউই সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেননি, তবু গত কয়েক মাসে একাধিকবার তাদের একসঙ্গে দেখা যাওয়ায় জল্পনা আরও জোরালো হয়েছে।
সম্প্রতি মার্কিন সাময়িকী এলের (ঊখখঊ) এক প্রতিবেদনে এস্টার এক্সপোসিতোর ক্যারিয়ার, ব্যক্তিজীবন এবং এমবাপেকে ঘিরে এই গুঞ্জনের নানা দিক তুলে ধরা হয়েছে।
স্পেনের মাদ্রিদে ২০০০ সালের ২৬ জানুয়ারি জন্ম নেওয়া এস্টার এক্সপোসিতো অভিনয়জগতে পা রাখেন কিশোর বয়সেই। থিয়েটারে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করে পরে টেলিভিশনে কাজ করেন। তবে ২০১৮ সালে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘এলিট’-এ কার্লা রোসোন চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতি পান তিনি।
এলিটের প্রথম তিন মৌসুমে অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জনের পর একের পর এক টেলিভিশন সিরিজ ও চলচ্চিত্রে কাজ করেছেন এস্টার। ‘সামওয়ান হ্যাজ টু ডাই’, ‘ভেনেনো’, ‘বান্দিদোস’, ‘ভেনাস’ ও ‘লস্ট ইন দ্য নাইট’-এর মতো প্রযোজনায় দেখা গেছে তাকে। সম্প্রতি মন্টে-কার্লো টেলিভিশন উৎসবে ‘ইন্টারন্যাশনাল গোল্ডেন নিম্ফ অ্যাওয়ার্ড ফর মোস্ট প্রমিজিং ট্যালেন্ট’ সম্মাননাও পেয়েছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন দুনিয়াতেও প্রতিষ্ঠিত নাম এস্টার। ডিজিগুয়াল, ইভ সাঁ লোরাঁ বিউটি, দোলচে অ্যান্ড গাব্বানা, মেরিন সেরে এবং বুলগারির মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ২ কোটি ৪০ লাখেরও বেশি।
এমবাপের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শুরু হয় চলতি বছরের এপ্রিল থেকে। সে সময় প্যারিসে একসঙ্গে নৈশভোজের পর একটি বোলিং অ্যালিতে তাদের দেখা যায়। পরে সার্ডিনিয়ায় অবকাশ যাপন এবং জুনে ফিফা বিশ্বকাপ শুরুর আগে ইবিজায়ও একসঙ্গে দেখা যাওয়ার ছবি প্রকাশিত হয়। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়ে।
তবে সম্পর্কের বিষয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেননি এমবাপে। অন্যদিকে এ বিষয়ে প্রশ্ন করা হলে এস্টার বলেন, ‘আমি এ নিয়ে কিছু বলব না। তবে আমি খুব ভালো আছি।’ ফুটবল সম্পর্কে নিজের অজ্ঞতার কথাও অকপটে স্বীকার করেছেন এই অভিনেত্রী। তার ভাষায়, ‘আমি ফুটবল সম্পর্কে খুব বেশি জানি না। আমাদের বাসায় কেউ খেলা দেখত না। তবে এখন এই জগৎকে নতুন করে আবিষ্কার করছি এবং ধীরে ধীরে আগ্রহ তৈরি হচ্ছে।’
অভিনয়জীবনে নিজেকে কোনো নির্দিষ্ট ধরনের চরিত্রে সীমাবদ্ধ রাখতে চান না এস্টার। ভবিষ্যতে স্প্যানিশ ভাষার পাশাপাশি ইংরেজিসহ অন্যান্য ভাষার চলচ্চিত্রে কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।
যদিও এমবাপে ও এস্টার এক্সপোসিতো এখনও তাদের সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। তবে ভক্তরা মনে করছেন শিগগিরই প্রেমের গুঞ্জন স্বীকার করবেন এই দুই তারকা।
সময়ের আলো/আআ