পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্ত এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন যাত্রী নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।
শুক্রবার (৩ জুলাই) বেলুচিস্তানের শেরানি জেলার দানা সার এলাকা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। বাসটি খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলায় প্রবেশের মুখে পাহাড়ের খাদে ছিটকে পড়ে।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা শহীদ রিন্দ এক বিবৃতিতে এই হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনায় ৪০ জন মারা গেছেন।
শেরানি জেলার ডেপুটি কমিশনার (ডিসি) ওয়ালি খান কাকার জানান, বাসটি কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। শুরুতে বাসটিতে ৩৬ জন যাত্রী ছিলেন। কিন্তু পথিমধ্যে অন্য একটি বাস নষ্ট হয়ে যায়। সেই বাসের যাত্রীরাও এই বাসে উঠে পড়েন।
জরুরি সেবা সংস্থা ‘রেসকিউ ১১২২’ জানায়, দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪৮ জন আরোহী ছিলেন। অতিরিক্ত যাত্রী তোলার কারণে পাহাড়ি বিপজ্জনক বাঁকে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
দুর্ঘটনার পর পরই বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির নির্দেশে উদ্ধার কাজ শুরু হয়। দুই প্রদেশের উদ্ধারকারী দল ও জেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান চালায়। পাহাড়ি দুর্গমতার কারণে উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয়। আহত ৮ জনকে উদ্ধার করে ঝোব জেলা সদর হাসপাতালে (ডিএইচকিউ) ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহগুলোও একই হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এই ভয়াবহ প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সাথে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সময়ের আলো/কহু