ভিসানীতিতে ৬ বড় পরিবর্তন আনল সংযুক্ত আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

রাজনীতি

প্রবেশ ও আবাসনসংক্রান্ত ভিসানীতিতে ছয়টি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত। নতুন নীতিতে অন-অ্যারাইভাল ভিসার সুবিধা সম্প্রসারণ, ৪৮ ঘণ্টার মধ্যে

2026-07-04T23:10:37+00:00
2026-07-04T23:10:37+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
রাজনীতি
ভিসানীতিতে ৬ বড় পরিবর্তন আনল সংযুক্ত আরব আমিরাত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১১:১০ পিএম 
ছয়টি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত। ছবি : সংগৃহীত
প্রবেশ ও আবাসনসংক্রান্ত ভিসানীতিতে ছয়টি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত। নতুন নীতিতে অন-অ্যারাইভাল ভিসার সুবিধা সম্প্রসারণ, ৪৮ ঘণ্টার মধ্যে পর্যটন ভিসা অনুমোদন, সম্পত্তিভিত্তিক আবাসিক ভিসার শর্ত শিথিল এবং চিকিৎসা ভিসা সহজ করার মতো উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম খালিজ টাইমস এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, নির্দিষ্ট যোগ্যতা পূরণ সাপেক্ষে এখন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার নাগরিকরাও ১৪ ও ৬০ দিনের অন-অ্যারাইভাল ভিসার সুবিধা পাবেন। আগে এ সুবিধা কেবল নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন ভারতীয় নাগরিকদের জন্য ছিল।

এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডার বৈধ আবাসিকদেরও এ সুবিধার আওতায় আনা হয়েছে।

দুবাই ভ্রমণকারীদের জন্য আরেকটি বড় পরিবর্তন হলো, অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে আবেদন করলে ৩০ থেকে ৬০ দিনের সিঙ্গেল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসা এখন ৪৮ ঘণ্টার মধ্যেই অনুমোদন করা হবে।


সম্পত্তিভিত্তিক দুই বছরের আবাসিক ভিসার ক্ষেত্রেও নিয়ম শিথিল করা হয়েছে। একক মালিকানাধীন সম্পত্তির জন্য আগের ন্যূনতম ৭ লাখ ৫০ হাজার দিরহামের শর্ত তুলে দেওয়া হয়েছে। তবে যৌথ মালিকানার ক্ষেত্রে প্রত্যেক অংশীদারের মালিকানার মূল্য কমপক্ষে ৪ লাখ দিরহাম হতে হবে।

আঞ্চলিক আকাশসীমা বন্ধের কারণে অতিরিক্ত সময় অবস্থানকারী বিদেশিদের জন্য ৩০ দিনের অতিরিক্ত সময় দিয়েছে কর্তৃপক্ষ। তবে তাদের ৯ জুলাইয়ের মধ্যে ভিসার বৈধতা নিশ্চিত করতে বা দেশ ত্যাগ করতে হবে।

চিকিৎসা পর্যটন সহজ করতে ‘স্মার্ট মেডিকেল ভিসা’ চালুর উদ্যোগও নিয়েছে দুবাই। এ ব্যবস্থার মাধ্যমে চিকিৎসার জন্য আগত বিদেশিদের ভিসা, আবাসন ও স্বাস্থ্যসেবা একটি সমন্বিত প্রক্রিয়ার আওতায় আনা হবে।

অন্যদিকে, ইবোলা ভাইরাসের বিস্তার ঠেকাতে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, উগান্ডা ও দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। গত ৬ জুন থেকে কার্যকর হওয়া এ সিদ্ধান্ত স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে আরও বাড়ানো হতে পারে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ভিসানীতি  বড় পরিবর্তন  সংযুক্ত আরব আমিরাত 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: