টানা ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পৃথক তিনটি পাহাড়ধসে অন্তত আট রোহিঙ্গার মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের সাতজন রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
রোববার (৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ১৫, ১১ ও ৭ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে এসব দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান শুরু করেন।
জানা গেছে, ১৫ নম্বর আশ্রয়শিবিরের জামতলী এলাকার ডি ব্লকে পাহাড়ধসে একটি আশ্রয়কেন্দ্র মাটিচাপা পড়ে। এতে একই পরিবারের বাবা, মা ও চার বছর বয়সী এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার সময় ঘরটিতে পরিবারের ১০ সদস্য ছিলেন। আহত এক কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্য সদস্যদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
এদিকে, ১১ নম্বর আশ্রয়শিবিরের সি-১১ ব্লকে আরেকটি পাহাড়ধসে একই পরিবারের চারজন নিহত হন। এছাড়া ৭ নম্বর আশ্রয়শিবিরের ডি-৭ ব্লকে পাহাড়ধসে মো. একরাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, গভীর রাতে কাছাকাছি সময়ে তিনটি স্থানে পাহাড়ধসের খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত অভিযান চালান। কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রম ও তথ্য যাচাই অব্যাহত রয়েছে।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রগুলো অন্তত আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
সময়ের আলো/এসএকে